কমলনগরে স্কুলশিক্ষকের স্ত্রী খুনের ঘটনায় জড়িত সন্দেহে একজন গ্রেপ্তার
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কালকিনি ইউনিয়নের মতিরহাট এলাকায় স্কুলশিক্ষকের স্ত্রী শাহিনা আক্তার (৪৫) খুনের ঘটনায় জড়িত সন্দেহে মো. মুনছুর নামের এক যুবককে পুলিশ শুক্রবার রাতে স্থানীয় মতিরহাট বাজার থেকে গ্রেপ্তার করেছে।মুনছুরকে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করে গতকাল শনিবার দুপুরে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামুল হক খান জানান, ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে তাকে থানায় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।উল্লেখ্য, বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে শাহিনা আক্তার খুন হন। ওই সময় শাহিনার স্বামী হাজি আবদুল গনি মোল্লাকেও দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তিনি কমলনগরের পশ্চিম চর মার্টিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। গুরুতর অবস্থায় তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।এলাকাবাসী জানায়, গনি মোল্লার মেয়ের বিয়ের ব্যাপারে বিভিন্ন রকম প্রস্তাব আসে। এ নিয়ে গনি মোল্লা চাপের মধ্যে ছিলেন।শাহিনা আক্তার খুনের ঘটনাটি ‘পূর্বপরিকল্পিত’ উল্লেখ করে স্থানীয় হাজিরহাট পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (উপপরিদর্শক) আমির হোসেন বলেন, গ্রেপ্তার হওয়া মুনছুর স্কুলশিক্ষক গনি মোল্লার ভাতিজা। মুনছুর তার চাচাতো বোনকে (গনি মোল্লার স্কুলপড়ুয়া মেয়ে) বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু লেখাপড়া বন্ধ করে গনি মোল্লা মেয়েকে বিয়ে দিতে চাননি। এ নিয়ে মুনছুর তার চাচা গনি মোল্লার ওপর ক্ষুব্ধ ছিল। একপর্যায়ে গনি মোল্লা মেয়েকে লক্ষ্মীপুর সদরে নানার বাড়িতে পাঠিয়ে দেন। পরে বাধ্য হয়ে তিনি দুই মাস আগে লক্ষ্মীপুর শহরের শাঁখারিপাড়ার সৌদিপ্রবাসী আবদুল মান্নানের সঙ্গে মেয়েকে বিয়ে দেন। বিয়ের পরই আবদুল মান্নান প্রবাসে চলে গেলে সম্প্রতি তিনি মেয়েকে বাড়িতে আনেন।কমলনগর থানার উপপরিদর্শক নুরুল হক বলেন, শাহিনা খুনের ঘটনার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে গনি মোল্লার মেয়ের বিয়ের ব্যাপারে চাপের বিষয়টিও বিবেচনায় নিয়ে তদন্ত এগোচ্ছে।