লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার লুধুয়া মাছঘাটে সোমবার দুপুরে কোস্টগার্ডের সঙ্গে জেলেদের সংঘর্ষের ঘটনায় কারও নাম উল্লেখ না করে জেলেসহ এক হাজার ২০০ গ্রামবাসীর বিরুদ্ধে কোস্টগার্ড মঙ্গলবার কমলনগর থানায় মামলা করেছে। কোস্টগার্ডের মতিরহাট কন্টিনজেন্টের কমান্ডার সৈয়দ এনায়েত হোসেন সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে ওই মামলা করেন।অপর দিকে লুধুয়া মাছঘাটের আড়তদার মো. শিবলী ওই ঘটনায় মঙ্গলবার লক্ষ্মীপুরের কমলনগর জ্যেষ্ঠ বিচারিক হাকিম খুরশেদ আলম সিকদারের আদালত-২-এ কোস্টগার্ডের মতিরহাট কন্টিনজেন্টে কর্মরত চার সদস্যের বিরুদ্ধে মামলা করেছেন। অভিযুক্ত কোস্টগার্ডের সদস্যরা হচ্ছেন এল এস মো. মোস্তাফিজ, এফ এন আই মো. আবু সুফিয়ান, আর কে আই মো. মিজান এবং এ পি মো. সুমন। শিবলীর আইনজীবী নুরুল আমিন বলেন, বিচারিক হাকিম মামলাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।এদিকে কোস্টগার্ড পূর্ব জোনের (চট্টগ্রাম জোন) লেফটেন্যান্ট কমান্ডার শরিফুল হক খান, লেফটেন্যান্ট আবদুল বাছেত ও লেফটেন্যান্ট কামরুল ইসলামের সমন্বয়ে গঠিত তদন্ত দল ঘটনা তদন্তের জন্য মঙ্গলবার ঘটনাস্থলে পৌঁছান।