কমলনগরে ৩২টি ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডে ৩২টি ব্যবসাপ্রতিষ্ঠান মালামালসহ ভস্মীভূত হয়েছে। গত রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
এতে নগদ অর্থ, ঘর, মালামালসহ প্রায় ১০ কোটি টাকার সম্পদ পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন।
দমকল বাহিনী ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, রোববার দিবাগত রাত একটার দিকে বাজারের রাজধানী হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লক্ষ্মীপুর জেলা সদর ও রামগতি উপজেলা সদর থেকে দমকল বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
দমকল বাহিনীর রামগতি ইউনিটের দলনেতা মো. সিরাজুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
তোরাবগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সল আহমেদ জানান, অগ্নিকাণ্ডে এস আলম বস্ত্র বিতান, আলী এন্টারপ্রাইজ, ভাই ভাই স্টোর, স্টার ওয়ার্ল্ড ফ্যাশন হাউস, শরীফ টেলিকম, রাজধানী হোটেলসহ ৩২টি ব্যবসাপ্রতিষ্ঠান মালামালসহ পুড়ে ভস্মীভূত হয়ে ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে।