কমলনগরে 'মিষ্টি খেয়ে' ৩৫ জন অসুস্থ
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর মার্টিন গ্রামে মিষ্টি খেয়ে ৩৫ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। স্থানীয় সূত্র এ কথা জানিয়েছে।
চর মার্টিন গ্রামের আবুল কাসেম বলেন, সম্প্রতি তিনি ছেলের বাবা হয়েছেন। এ উপলক্ষে গ্রামের লোকজনকে মিষ্টি খাওয়ানোর জন্য গত বুধবার বিকেলে তিনি উপজেলার মুন্সিরহাট বাজারের আল মদিনা রেস্তোরাঁ থেকে আড়াই কেজি মিষ্টি কিনে বাড়ি যান। ওই মিষ্টি খাওয়ার পর তাঁর পরিবারের চার সদস্যসহ এলাকার ৩৫ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়। বুধবার রাতে তাদের লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ঘটনার পর আল মদিনা রেস্তোরাঁর মালিক দোকানে তালা ঝুলিয়ে পালিয়ে গেছেন। এ ছাড়া দোকানের সাইনবোর্ডও সরিয়ে নেওয়া হয়েছে।
লক্ষ্মীপুরের সিভিল সার্জন গোলাম ফারুক ভূঁইয়া বলেন, মিষ্টি খেয়ে অসুস্থ ব্যক্তিদের মধ্যে অধিকাংশই শিশু।