লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও সেবিকাসংকটসহ বিভিন্ন অব্যবস্থাপনার কারণে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে চরাঞ্চলের দরিদ্র মানুষ। চিকিৎসক যে কয়েকজন আছেন, তাঁদের বিরুদ্ধে টাকা নিয়ে ব্যবস্থাপত্র দেওয়া ও রোগীর সঙ্গে দুর্ব্যবহারসহ নানা অভিযোগ পাওয়া গেছে।সংকট আর সংকট: হাসপাতাল সূত্র জানায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ গুরুত্বপূর্ণ ১২টি পদ বর্তমানে শূন্য। চিকিৎসা কর্মকর্তার তিনটি পদের মধ্যে দুটি এক বছর ধরে খালি। আবাসিক চিকিৎসা কর্মকর্তার (আরএমও) পদও অনেক দিন ধরে শূন্য। এ ছাড়া জুনিয়র কনসালট্যান্টের দুটি পদ এক বছর ধরে খালি। সহকারী সার্জনের ছয়টি পদের সবগুলোই দীর্ঘদিন ধরে শূন্য। তিনজন চিকিৎসক দিয়ে বর্তমানে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে উপজেলার দেড় লাখ মানুষকে। এদিকে, সেবিকার আটটি পদের মধ্যে সাতটিই বর্তমানে শূন্য। হাসপাতালে ২৪ ঘণ্টার মধ্যে বিদ্যুৎ থাকে মাত্র দুই ঘণ্টা। এ সময় ভোল্টেজ কম থাকে। ফলে মোটরমেশিন দিয়ে পানি ওঠানো সম্ভব হয় না। আলোর অভাবে রাতে অন্ধকারেই রোগীদের চিকিৎসা নিতে হয়। জেনারেটর থাকলেও তা সাত বছর ধরে বিকল। ইসিজি মেশিন, আলট্রাসনোগ্রাম মেশিন তিন বছর ধরে বিকল হয়ে পড়ে আছে। গাইনি চিকিৎসক ও অবেদনবিদের (অ্যানেসথেটিস্ট) অভাবে এ হাসপাতালে কখনো অস্ত্রোপচার হয়নি। এক্স-রে যন্ত্র থাকলেও তিন বছর ধরে রেডিওলজিস্ট নেই।সরেজমিনে এক দিন: সমপ্রতি এক দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, হাসপাতালের বিভিন্ন কক্ষে রোগীদের ভিড়। সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে রোগী দেখা সাময়িক বন্ধ করে দেন চিকিৎসকেরা। এ সময় একাধিক রোগী অভিযোগ করেন, হাসপাতালে বসে ব্যবস্থাপত্র দিয়ে চিকিৎসকেরা রোগীদের কাছ থেকে ১০০ এবং ৫০ টাকা করে নিয়ে থাকেন। তাই সাংবাদিক দেখে রোগী দেখা বন্ধ করা হয়েছে। চিকিৎসকদের বিরুদ্ধে নানা অভিযোগ: হাসপাতালের ভারপ্রাপ্ত আরএমও আমিনুল ইসলামের বিরুদ্ধে রোগীদের সঙ্গে অশালীন ব্যবহার ও অহেতুক পরীক্ষা-নিরীক্ষা দিয়ে রোগীদের হয়রানি করার অভিযোগ রয়েছে। হাসপাতালে বসে ব্যবস্থাপত্র দিয়ে রোগী দেখে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে একাধিক চিকিৎসকের বিরুদ্ধে।কর্মকর্তারা যা বলেন: হাসপাতালের বিভিন্ন অনিয়ম ও সমস্যার ব্যাপারে ভারপ্রাপ্ত আরএমও আমিনুল ইসলাম বলেন, রোগী ভর্তি ও সেবাদানকালে অর্থ নেওয়ার কোনো অভিযোগ তিনি পাননি।কমলনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নিজাম উদ্দিন বলেন, কারিগরি সমস্যার কারণে সঠিক চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না।