কমলাপুর আইসিডি বন্দর কর্তৃপক্ষের অধীনেই থাকছে
কমলাপুরের অভ্যন্তরীণ কনটেইনার ডিপো (আইসিডি) পরিচালনার কর্তৃত্ব চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের হাতেই থাকছে। গতকাল মঙ্গলবার রেল ভবনে যোগাযোগ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকে এই সিদ্ধান্ত হয়।যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানসহ দুই মন্ত্রণালয়ের কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।এর আগে আগামী বছরের জানুয়ারি থেকে নিজেরাই আইসিডি চালানোর সিদ্ধান্ত নিয়েছিল রেলওয়ে।১৯৮৭ সালে রেলওয়ের জমিতে কমলাপুর আইসিডি স্থাপন করা হয়। কিন্তু প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় এটি চালানোর দায়িত্ব পায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। যে সমঝোতা চুক্তির মাধ্যমে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইসিডি পরিচালনা করত, তা শেষ হচ্ছে আগামী ৩১ ডিসেম্বর।যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন প্রথম আলোকে বলেন, রেলওয়ে আইসিডি চালানোর মতো অবস্থায় নেই। তাই বন্দর কর্তৃপক্ষকেই দায়িত্ব দেওয়া হয়েছে। সব ধরনের ব্যয় বাদ দিয়ে যে লাভ হবে, তা বন্দর কর্তৃপক্ষ ও রেলওয়ে ভাগাভাগি করে নেবে—এই সিদ্ধান্ত হয়েছে। মন্ত্রী জানিয়েছেন, আগামী জানুয়ারি থেকে পরবর্তী পাঁচ বছর বন্দর কর্তৃপক্ষকে আইসিডি চালানোর দায়িত্ব দেওয়া হয়েছে। এ সময় তাদের কাজ সন্তোষজনক হলে আরও পাঁচ বছর বাড়ানো হবে।আইসিডি পরিচালনা নিয়ে জটিলতার কারণে এক সপ্তাহ ধরে বিক্ষোভ করছেন শ্রমিকেরা।