কমলাপুর আইসিডির দরপত্রে অংশ নিল পাঁচ প্রতিষ্ঠান
চট্টগ্রাম বন্দরনিয়ন্ত্রিত ঢাকার কমলাপুর কনটেইনার ডিপোতে কনটেইনার ও পণ্য ওঠানো-নামানোর কাজের দরপত্রে অংশ নিয়েছে পাঁচটি প্রতিষ্ঠান। গতকাল সোমবার বন্দরের পরিবহন বিভাগের পরিচালকের কক্ষে দরপত্র বাক্স খুলে এই চিত্র পাওয়া যায়। বন্দর সূত্রে জানা গেছে, দরপত্রে অংশ নেওয়া পাঁচটি প্রতিষ্ঠান হলো সাইফ পাওয়ারটেক লিমিটেড, গ্লোবাল অ্যাগ্রোট্রেড (প্রাইভেট) কোম্পানি লিমিটেড (গ্যাটকো), এভারেস্ট এন্টারপ্রাইজ, এ অ্যান্ড জে ট্রেডার্স এবং যৌথভাবে ফজলী অ্যান্ড সন্স এবং এফ কিউ খান অ্যান্ড ব্রাদার্স। এর মধ্যে গ্যাটকো কমলাপুর কনটেইনার ডিপোর চট্টগ্রাম বন্দর অংশে কনটেইনার ওঠানো-নামানোর কাজ করছে।অন্য চারটি প্রতিষ্ঠান বর্তমানে বন্দর জেটিতে কনটেইনার ওঠানো-নামানোর কাজ করছে। বন্দরের সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, পাঁচটি প্রতিষ্ঠানের প্রথমে কারিগরি যোগ্যতা যাচাই করা হবে। এরপর যোগ্য প্রতিষ্ঠানগুলোর আর্থিক প্রস্তাব মূল্যায়ন করা হবে। বন্দর সূত্রে জানা গেছে, দরপত্রে যোগ্য প্রতিষ্ঠানকে কনটেইনার ডিপো পরিচালনায় প্রায় ৩৫ থেকে ৪০ কোটি টাকার যন্ত্রপাতি সংগ্রহ করে স্থাপন করতে হবে। এরপর ১০ বছর মেয়াদে ডিপোটি পরিচালনা করবে যোগ্য প্রতিষ্ঠান। এর আগে তিন দফায় এই কনটেইনার ডিপো পরিচালনার দরপত্র আহ্বান করা হয়। কিন্তু আইনি জটিলতায় দরপত্রের প্রক্রিয়া স্থগিত হয়ে যায়। এরপর গত ডিসেম্বর মাস থেকে বন্দর কর্তৃপক্ষ নিজস্ব যন্ত্রপাতি দিয়ে নিজেরাই কনটেইনার ডিপোটি পরিচালনা করে আসছে।