কমলাপুর আইসিডির দরপত্রে সর্বনিম্ন দর দিয়েছে সাইফ পাওয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরনিয়ন্ত্রিত ঢাকার কমলাপুর কনটেইনার ডিপো পরিচালনার দরপত্রে সর্বনিম্ন দরদাতা নির্বাচিত হয়েছে সাইফ পাওয়ার টেক লিমিটেড। প্রতিষ্ঠানটি নতুন যন্ত্রপাতি কিনে ১০ বছর এই ডিপো পরিচালনার জন্য ৬৯ কোটি ৯০ লাখ টাকা দর দিয়েছে। দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা নির্বাচিত হয়েছে এভারেস্ট এন্টারপ্রাইজ। এই প্রতিষ্ঠানটি দর দিয়েছে ১২৫ কোটি টাকা। গতকাল মঙ্গলবার বন্দর ভবনে কমলাপুর আইসিডির দরপত্রের আর্থিক প্রস্তাব খুলে এই চিত্র পাওয়া গেছে। এর আগে দুই খামবিশিষ্ট দরপত্রের কারিগরি প্রস্তাব যাচাই-বাছাই করে তিনটি প্রতিষ্ঠানকে অযোগ্য ঘোষণা করা হয়। সাইফ পাওয়ার টেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন প্রথম আলোকে বলেন, এই কনটেইনার ডিপোতে ১০ বছরে কনটেইনারসংক্রান্ত নানা খাতের হিসাব করে এই দর দেওয়া হয়েছে। প্রসঙ্গত, সাইফ পাওয়ার টেক লিমিটেড বর্তমানে বন্দরের চিটাগাং কনটেইনার টার্মিনাল এবং নিউমুরিং কনটেইনার টার্মিনালের দুটি জেটিতে কনটেইনার ওঠানো-নামানোর কাজ করছে।