কমলাপুর রেলস্টেশনে অস্বস্তিকর দুর্গন্ধ
বাতাসে দুর্গন্ধ। কোথাও জমে আছে আবর্জনা। বখাটেদের অবস্থান যেখানে-সেখানে। মাদকদ্রব্য সেবনও চলছে। রাজধানীর কমলাপুর রেলস্টেশন এলাকা, বিশেষ করে নারায়ণগঞ্জ প্ল্যাটফর্ম অংশে এ রকম চিত্র প্রতিদিনের।
গতকাল শনিবার দুপুরে স্টেশন এলাকা ঘুরে দেখা যায়, মূল প্ল্যাটফর্মে ঢোকার পথে পূর্ব পাশের অংশে টিকিট কাউন্টারে দাঁড়িয়ে নাকে হাত দিয়ে অস্বস্তি প্রকাশ করছেন কিছু যাত্রী। সেখানে গিয়ে নাকে এল বমি উদ্রেককারী দুর্গন্ধ। খানিক দূরেই দেখা যায়, মেঝে থেকে কাত হয়ে আছে স্ল্যাব। সেখান থেকে আসছে পয়োবর্জ্যের দুর্গন্ধ। স্থানীয় একজন দোকানি বলেন, ১৫ দিনেরও বেশি সময় ধরে এখানে এমন দুর্গন্ধ। অথচ কারও কোনো মাথাব্যথা নেই।
ভেতরে ঢুকতে গেলে টিকিট দেখতে চান দায়িত্বরত কর্মকর্তারা। বিভিন্ন গন্তব্যের যাত্রীদের কাছে টিকিট আছে। কেউ দেখাচ্ছেন প্ল্যাটফর্ম টিকিট। কিন্তু ভেতরে অনেক লোক, বেশির ভাগই কম বয়সী। এরা যাত্রী নয়, আবার প্ল্যাটফর্ম টিকিটও কাটেনি। তিন নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষমাণ চট্টগ্রাম অভিমুখী সুবর্ণ এক্সপ্রেস। তার পেছনে রেললাইনে বসে আড্ডা দিচ্ছে বখাটেরা। প্ল্যাটফর্মে যাত্রীদের বসার কিছু আসনে অলসভাবে শুয়ে-বসে আছে ভবঘুরে। পাশে খালি জায়গায় পড়ে আছ ডাবের খোসা, চিপসের প্যাকেট। কোথাও স্তূপাকার আবর্জনা। ঢাকা ওয়াসার নর্দমাটিও অপরিষ্কার।
নারায়ণগঞ্জের জন্য নির্ধারিত ছোট প্ল্যাটফর্মের অবস্থা আরও খারাপ। রেললাইনের ধারে নয়, প্ল্যাটফর্মের ওপরেই ছড়িয়ে-ছিটিয়ে আছে আবর্জনা। যে যেভাবে পারছে ঢুকে পড়ছে। একদল তরুণ গামছা বিছিয়ে বসেছে তাস খেলায়। হইচই হচ্ছে। খানিক দূরে রেললাইনের ধারে দেখা গেল, কাগজে মোড়ানো পুরিয়া বিক্রি হচ্ছে। কোথাও কোনো নিরাপত্তাব্যবস্থা নেই। এই প্রতিবেদককে দেখে ক্রেতা ভেবে এক পুরিয়া বিক্রেতা জানতেও চান, ‘চলব নাকি? সস্তায় দিমু।’
এরপর ট্রেন এল। ট্রেন থেকে নেমে পুরিয়া বিক্রেতার কাছে ভিড় জমাল একদল তরুণ। একজন লোককে দেখা গেল বিক্রেতার হাতে একটি থলি তুলে দিতে। এক পান বিক্রেতা মন্তব্য করলেন, ‘আরও মাল আইল রে।’
নাম প্রকাশে অনিচ্ছুক রেলের একজন কর্মকর্তা জানান, সন্ধ্যায় এখানে গাঁজাসহ নানা মাদক সেবন চলে। এদের মধ্যে ভ্রাম্যমাণ ব্যক্তিই বেশি। রেললাইনের ধারে গড়ে ওঠা বস্তির লোকেরা এবং কনটেইনার শ্রমিকদের কেউ কেউও এতে অংশ নেন।
নারায়ণগঞ্জের ট্রেনের একটি কম্পার্টমেন্ট থেকে যাত্রীদের সরিয়ে বের করে আনা হয় এক বান ঢেউটিন, যা মালগাড়িতে থাকার কথা। তারপরও যাত্রী নামার আগে মালামাল নামাবার তাড়া দিচ্ছিলেন মালিক। অনেক যাত্রীই বিনা টিকিটে এসেছেন। বীরদর্পে তাঁরা বেরিয়েও আসছেন।
কমলাপুর রেলস্টেশনের ব্যবস্থাপক সীতাংশু চক্রবর্তী বলেন, প্ল্যাটফর্মে দুর্গন্ধ কীভাবে আসছে, তা খতিয়ে দেখা হবে। তিনি বলেন, প্ল্যাটফর্মে স্থায়ীভাবে কোনো মাদক বিক্রেতা বা মাদকসেবী থাকার কথা নয়। তাদের কঠোরভাবে দমন করা হয়েছে। তবে যাত্রীদের মধ্যে অনেকে থাকতে পারে।