কমলাপুর স্টেশনে ছিনতাইকারীদের দৌরাত্ম্য
ট্রেনের যাত্রীদের কাছে কুলিরা যথেচ্ছ মজুরি চাইছেন। স্টেশনের চৌহদ্দির মধ্যেই সিএনজি অটোচালকেরা অতিরিক্ত ভাড়া হেঁকে একরকম জিম্মি করে ফেলছেন যাত্রীদের। গভীর রাত ও ভোরের ট্রেনের যাত্রীদের কাছ থেকে সর্বস্ব কেড়ে নিতে ছিনতাইকারীরা তৎপর। এ সবই চলছে ঢাকার কমলাপুর স্টেশনে।
তবে ঈদ সামনে রেখে যাত্রীদের নিরাপদে যাতায়াতে এসব প্রতিরোধের জন্য কমলাপুর স্টেশনের এক কিলোমিটার এলাকায় গোয়েন্দা তৎপরতা চালানো হবে। গতকাল বুধবার কমলাপুর স্টেশনে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া যায়।
বেলা দুইটার দিকে কমলাপুর স্টেশনের প্ল্যাটফর্মে গিয়ে দেখা যায়, ট্রেন থেকে নামা যাত্রীদের মালামাল বহনে যথেচ্ছ মজুরি হাঁকছেন লাল পোশাক পরা নিবন্ধিত কুলিরা। চট্টগ্রাম থেকে আসা ইকবাল হোসেন নামের এক যাত্রীর একটি বড় লাগেজ প্ল্যাটফর্মের বাইরে অটোরিকশা স্ট্যান্ড পর্যন্ত বহন করতে কুলি প্রথমে বলেন, ‘ইনসাফ মতো দিয়েন।’ পরে ওই যাত্রী দাম মিটিয়ে নিতে চাইলে কুলি ৭০ টাকা মজুরি হাঁকেন। যাত্রী এ বিষয়ে প্রতিবাদ জানালে অন্য পোশাকি কুলিরা তাঁকে ঘিরে ধরে ভর্ৎসনা করেন।
কুলিদের যথেচ্ছ মজুরি চাওয়ার বিষয়ে প্রশ্ন করলে নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, মজুরি নির্ধারণ করা থাকলেও কিছু কুলি তা মানেন না। সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে এসে দেখা গেল, মিটারে যেতে রাজি হচ্ছেন না বেশির ভাগ চালক। একজন যাত্রী গ্রিনরোড যেতে চাইলে ভাড়া হাঁকা হয় ৩৫০ টাকা। অজুহাত দেখানো হয় যানজটের। মিটারে চললে যানজটে প্রতি মিনিটে দুই টাকা জমা হয়—যাত্রীর এমন কথায় চালক যাবেন না বলে জানিয়ে দেন। বেশির ভাগ চালককে একই ধরনের আচরণ করতে দেখা যায়। আইন প্রয়োগকারী কোনো ব্যক্তিকে সেখানে হস্তক্ষেপ করতে দেখা যায়নি।
উপস্থিত বেশির ভাগ ট্যাক্সিক্যাবচালক দূরের গন্তব্য ছাড়া যেতে রাজি হচ্ছিলেন না। প্রধান সড়কের একটি রেস্তোরাঁর কর্মচারী আবদুর রশীদ জানালেন, ভোরবেলা যখন তূর্ণা-নিশীথা ট্রেন আসে, তখন যাত্রীরা সবচেয়ে বেশি জিম্মি থাকেন এ ধরনের কুলি, অটোরিকশাচালক আর ছিনতাইকারীদের কাছে। রাতের ট্রেনে যাওয়া-আসা যাত্রীদেরও একই অবস্থা হয়। এখন পর্যন্ত ঈদের অগ্রিম টিকিট দেওয়া শুরু না হলেও দালালদের তৎপরতা থেমে নেই। টিকিট কাউন্টারের কাছে আসতেই যাত্রীদের কানের কাছে ফিসফিস করে বলতে শোনা গেছে, সুবর্ণ, তূর্ণা, জয়ন্তিকা, নীল সাগর কয়টা লাগব—কোন তারিখের? এই দালালেরা কালোবাজারিদের প্রতিনিধি।
কমলাপুর স্টেশনমাস্টার নৃপেন্দ্র চন্দ্র বিশ্বাস প্রথম আলোকে বলেন, ঈদের যাত্রা নিরাপদ করতে যেকোনো ধরনের অপতৎপরতা রোধে রেলওয়ে পুলিশ ছাড়াও মেট্রোপলিটন পুলিশ, র্যাব ও আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা নিয়োজিত থাকবেন।