কমলাপুরে টিকিটের জন্য লম্বা লাইন

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে আজ মঙ্গলবার সকালে টিকিটপ্রত্যাশীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। কেউ এসেছেন রাতে, কেউবা ভোরে। টিকিটের অপেক্ষায় সবাই লাইনে দাঁড়িয়ে। পবিত্র ঈদুল আজহা

উপলক্ষে রেলওয়ে কর্তৃপক্ষ আজ থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু করেছে। আজ দেওয়া হচ্ছে ১৯ ও ২০ সেপ্টেম্বরের টিকিট।

কমলাপুর রেলস্টেশনের ব্যবস্থাপক সীতাংশু চক্রবর্তী বলেন, সকাল নয়টা থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। বিকেল পাঁচটা পর্যন্ত চলবে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও অনিয়ম ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। একজন সর্বোচ্চ চারটি টিকিট নিতে পারবেন বলে তিনি জানান।

বাংলাদেশ রেলওয়ে আজ থেকে পাঁচ দিনব্যাপী ঈদের আগাম টিকিট বিক্রি শুরু করেছে। ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দেওয়া হবে যাওয়ার টিকিট। ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত বিক্রি হবে ফিরতি টিকিট।

রেল কর্তৃপক্ষ জানায়, এবার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিন ১৫ সেপ্টেম্বর দেওয়া হচ্ছে ১৯ ও ২০ সেপ্টেম্বরের টিকিট। ১৬ সেপ্টেম্বর ২১ সেপ্টেম্বরের, ১৭ সেপ্টেম্বর ২২ সেপ্টম্বরের, ১৮ সেপ্টেম্বর ২৩ সেপ্টেম্বরের ও ১৯ সেপ্টেম্বর ২৪ সেপ্টেম্বরের টিকিট দেওয়া হবে।

অগ্রিম ফিরতি টিকিট বিক্রির প্রথম দিন ২৩ সেপ্টেম্বর দেওয়া হবে ২৭ সেপ্টেম্বরের টিকিট। ২৪ সেপ্টেম্বর ২৮ সেপ্টেম্বরের, ২৫ সেপ্টেম্বর ২৯ সেপ্টেম্বরের, ২৬ সেপ্টেম্বর ৩০ সেপ্টেম্বরের ও ২৭ সেপ্টেম্বর ১

অক্টোবরের টিকিট দেওয়া হবে। প্রতিবারের মতো এবারও প্রতিদিন সকাল নয়টা থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। বিক্রি করা আগাম টিকিট ফেরত নেওয়া হবে না।

আরও পড়ুন: