কমলাপুরে ট্রেনের বগিতে অস্ত্রসহ আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের বগিতে তল্লাশি চালিয়ে অস্ত্র, গুলি ও বিস্ফোরক উদ্ধার করেছে রেলওয়ে থানার পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই যাত্রীকে আটক করা হয়েছে। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন নুরুল ইসলাম ও শামীম ওরফে আবদুল্লাহ।

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনটির বগি থেকে একটি একে ২২ রাইফেল, দুটি ম্যাগাজিন, আটটি গুলি, তিনটি ছুরি ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ে পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) কামরুল আহসান। তিনি জানান, কিছু তরল পদার্থ পাওয়া গেছে। এগুলো পরীক্ষা-নিরীক্ষা চলছে। আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। বেলা একটার দিকে এ ঘটনা ঘটে বলে জানান তিনি।

রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে রেলওয়ে পুলিশ ট্রেনের একটি বগিতে তল্লাশি চালায়। সেখানে অস্ত্র, গুলি ও বিস্ফোরক পাওয়া যায়। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই যাত্রীকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে।

খবর পেয়ে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও র্যাবের বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা ঘটনাস্থলে যান।