কমলাপুরে তল্লাশির সময় বিস্ফোরণে মৃত্যু নিরাপত্তাকর্মীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে তল্লাশি চালানোর সময় দুই যুবকের ব্যাগে থাকা বিস্ফোরক দ্রব্য বিস্ফোরিত হয়ে একজন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। আজ রোববার বেলা আড়াইটা থেকে তিনটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত নিরাপত্তাকর্মীর নাম আবুল কাশেম। তাঁর বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার উজানি গ্রামে। তিনি স্টেশন ইয়ার্ডের ১৭ নম্বর বিটে দায়িত্ব পালন করছিলেন। ওই এলাকা দিয়ে যাওয়ার সময় দুই যুবকের ব্যাগে তল্লাশি চালান তিনি। এ সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ওই দুই যুবকও আহত হন। তাঁদের নাম আমিনুল ও আলম।

রেলওয়ে সূত্র জানায়, তিনি ২০০৪ সালে বাংলাদেশ রেলওয়ের নিরাপত্তা বাহিনীতে নিরাপত্তারক্ষী হিসেবে যোগ দেন।  তিনি গোপীবাগ ব্যারাকে থাকতেন। তাঁর স্ত্রী ও দুই সন্তান গ্রামে থাকে। রেলওয়ে থানা কমলাপুর পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মজিদ জানান, দুই যুবককে আটক করে রেলওয়ের হাজতে রাখা হয়েছে।

খবর পেয়ে বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক। তিনি সাংবাদিকদের জানান, তাত্ক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিবারকে এক লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। পরে আরও সহযোগিতা দেওয়া হবে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান। বিস্ফোরক  বহনকারী দুই যুবককে পুলিশ আটক করেছে বলেও জানান তিনি।