কমলাপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কমলাপুরে পোশাকশ্রমিকদের অবরোধ
কমলাপুরে পোশাকশ্রমিকদের অবরোধ

দুর্ঘটনায় নিহত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে রাজধানীর কমলাপুর রেলস্টেশন-সংলগ্ন সড়ক পাঁচ ঘণ্টা অবরোধ করে রাখেন পোশাকশ্রমিকেরা। আজ মঙ্গলবার সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত পোশাকশ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এতে মতিঝিল, আরামবাগ, ফকিরাপুল ও আশপাশের এলাকায় যানজট বেড়ে যায়।

ওই এলাকার স্থানীয় বাসিন্দা ফিরোজ আহমেদের ভাষ্য, কমলাপুর রেলস্টেশন থেকে শুরু করে নটর ডেম কলেজের মোড় পর্যন্ত অবরোধ চলে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা কয়েকটি গাড়িতেও ভাঙচুর চালিয়েছেন।

গতকাল রাতে কমলাপুরে বাসস্ট্যান্ডের কাছে যাত্রীবাহী বাসের ধাক্কায় আকলিমা আক্তার (৩৮) নামের এক পোশাকশ্রমিক নিহত হন। তাঁর সহকর্মী রহিমা বলেন, গতকাল রাতে কাজ শেষে বাড়ি ফেরার সময় বাসের ধাক্কায় নিহত হন আকলিমা। তিনি কমলাপুরের একটি পোশাক কারখানায় কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সকালে শতাধিক পোশাকশ্রমিক সড়ক অবরোধ করেন। ক্ষুব্ধ শ্রমিকেরা কয়েকটি বাসে ভাঙচুর চালান। অবরোধে যান চলাচল বন্ধ রয়েছে।

পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার আনোয়ার হোসেন ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, পরিস্থিতি যেন ভিন্ন দিকে না যায়, সেদিকে পুলিশ লক্ষ রাখছে। শ্রমিকদের দাবি নিয়ে পুলিশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবে। বেলা দুইটার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বিক্ষুব্ধ শ্রমিকেরা নিহত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ, বাসচালকসহ দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি দাবি করেছেন।