কমলাপুরে ভিড়, দেরিতে ছাড়বে রংপুর এক্সপ্রেস

কমলাপুর রেলস্টেশনে আজ রোববারও যাত্রীদের চাপ রয়েছে। সকাল থেকে স্টেশনে ভিড় করতে থাকে ঘরমুখী মানুষ। বেশির ভাগ ট্রেন মোটামুটি সময়মতো ছাড়লেও দুর্ভোগে পড়েছেন রংপুরের যাত্রীরা। রংপুর এক্সপ্রেস ট্রেনটি সকাল নয়টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও বেলা ১১টায়ও সেটি কমলাপুরে আসেনি।
এ ব্যাপারে জানতে চাইলে কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার সিতাংশু চক্রবর্তী প্রথম আলোকে বলেন, রংপুর এক্সপ্রেস ট্রেনটি দুপুর সাড়ে ১২টা নাগাদ ঢাকায় আসতে পারে। তৃতীয় দিনের মতো ট্রেনটি দেরিতে যাত্রা করায় তিনি যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। গত শুক্রবার রংপুর এক্সপ্রেস দুই ঘণ্টা দেরিতে ঢাকা ছাড়ে। গতকাল শনিবার পাঁচ ঘণ্টা দেরিতে যাত্রা করে রংপুর এক্সপ্রেস। কমলাপুর রেলওয়ে অফিস সূত্রে জানা গেছে, আজও ট্রেনটির পাঁচ ঘণ্টা দেরি হতে পারে।

আল হাসান নামের এক যাত্রী প্রথম আলোকে বলেন, ট্রেনটির দেরি হবে—তিনি জানতেন না। সকাল নয়টায় ছেড়ে যাওয়া কথা ছিল। এ কারণে সকাল আটটায়ই তিনি চলে আসেন।
সরেজমিনে দেখা গেছে, আল হাসানের মতো কয়েক শ যাত্রী কমলাপুর স্টেশনে অপেক্ষা করছেন। সকাল সাড়ে ১০টার দিকে ম্যানেজার সিতাংশু চক্রবর্তী সাংবাদিকদের জানান, সকাল থেকে এখন পর্যন্ত ১৯টি ট্রেন ঢাকা ছেড়েছে। আজ সারা দিন ৬০টি ট্রেন ঈদে ঘরমুখী যাত্রীদের নিয়ে বিভিন্ন রুটে যাত্রা করবে। এ ছাড়া ঈদের সাত দিন পর্যন্ত ঢাকামুখী যাত্রীদের জন্য বিশেষ ট্রেন সার্ভিস চালু থাকবে।