কমলাপুরে যাত্রীদের দুর্ভোগ-হুড়োহুড়ি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদ উপলক্ষে ট্রেনে করে বাড়ি যাচ্ছেন যাত্রীরা। তাঁদের চোখে-মুখে উচ্ছ্বাস। ছবিটি আজ শুক্রবার কমলাপুর রেলস্টেশন থেকে তোলা। ছবি: সাহাদাত পারভেজ
ঈদ উপলক্ষে ট্রেনে করে বাড়ি যাচ্ছেন যাত্রীরা। তাঁদের চোখে-মুখে উচ্ছ্বাস। ছবিটি আজ শুক্রবার কমলাপুর রেলস্টেশন থেকে তোলা। ছবি: সাহাদাত পারভেজ

সময়সূচিতে বিপর্যয় নেই। নির্ধারিত সময়ে ট্রেন আসছে। প্ল্যাটফর্ম ছেড়েও যাচ্ছে নিধার্রিত সময়ে। তাই যাত্রীদেরও নেই হুড়োহুড়ি। আজ শুক্রবার সকাল থেকে এ দৃশ্য দেখা যাচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশনে। 

আজ থেকে ঈদের ছুটি শুরু হলেও নিধার্রিত সময়ে ট্রেন আসা-যাওয়া করায় কমলাপুর রেলস্টেশনে ঈদে ঘরমুখী যাত্রীদের কোনো চাপ নেই। রেলওয়ে কর্তৃপক্ষের মতে, পোশাকশিল্প কারখানাসহ বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ছুটি ৩ ও ৪ জুলাই থেকে শুরু হওয়ার পর ভিড় বাড়বে।
কমলাপুর রেলওয়ে কর্তৃপক্ষ ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাধারণত ট্রেনের সময়সূচিতে কোনো বিপর্যয় দেখা দিলে প্ল্যাটফর্মে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এ কারণে প্রচণ্ড ভিড় হয়। আজ নিধার্রিত সময়ে ট্রেন আসায় এবং ছেড়ে যাওয়ায় যাত্রীদের অপেক্ষা করতে হচ্ছে না। তাই কোনো ভিড় নেই।
জানা গেছে, আজ ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত ১৩টি আন্তনগর ট্রেন ঢাকা ছেড়েছে। এর মধ্যে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ও রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস এক ঘণ্টা দেরিতে ছেড়েছে। অন্যগুলোর সময়সূচি ঠিক ছিল।
দেরি হওয়ার কারণ প্রসঙ্গে ঢাকা রেলওয়ে পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মজিদ প্রথম আলোকে বলেছেন, ওই দুটো আন্তনগর ট্রেন ঢাকা আসতেই দেরি করেছে। এরপর ইঞ্জিন পরিবর্তন ও ট্রেনের কামরা পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য সময় নেওয়া হয়েছে। এসব কারণে ট্রেন ছাড়তে এক ঘণ্টা দেরি হয়েছে।