কমলাপুরে স্টেশনে চার কেজি সোনা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে দুই যাত্রীর কাছ থেকে ৩৪টি সোনার বার উদ্ধার করেছে রেলওয়ে থানার পুলিশ। এর ওজন প্রায় চার কেজি। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে রেলওয়ে থানার পুলিশ। আটক ব্যক্তিরা হলেন দিলু মিয়া (৩৫) ও সুমন (৩৪)।
ঢাকার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ প্রথম আলোকে বলেন, আজ সকাল নয়টায় চট্টগ্রাম থেকে আসা ‘তূর্ণা নিশীথা এক্সপ্রেস’ ট্রেনটি কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছায়। ট্রেনে থাকা দুই যাত্রীর কাছে সোনার বার থাকার তথ্য পুলিশের কাছে ছিল। এরপর ট্রেনটির বগিতে অভিযান চালায় পুলিশ। দিলু ও সুমন নামের ওই দুই যাত্রীর কাছ থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়। তাঁরা মোজা ও জুতার মধ্যে সোনার বারগুলো লুকিয়ে রেখেছিলেন।
এ ব্যাপারে বিস্তারিত জানতে আটক হওয়া ব্যক্তিদের রেলওয়ে থানায় এনে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।