কমলাপুরে ১২ লাখ টাকা ছিনতাই
রাজধানীর দক্ষিণ কমলাপুরে মেসার্স বেত্রাবতী ট্রেড সিন্ডিকেটের এক কর্মকর্তার মাথায় পিস্তলের বাঁট দিয়ে আঘাত করে ওই প্রতিষ্ঠানের ১২ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।এ ব্যাপারে প্রতিষ্ঠানটির মালিক আশরাফুল আলম মতিঝিল থানায় মামলা করেছেন। আহত কর্মকর্তা মিরন মাহমুদকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল রাত পর্যন্ত ছিনতাই হওয়া টাকা উদ্ধার হয়নি।মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, দুপুর সাড়ে ১২টার দিকে সোনালী ব্যাংকের কমলাপুর অভ্যন্তরীণ কনটেইনার ডিপো (আইসিডি) শাখা থেকে ১২ লাখ টাকা তোলেন বেত্রাবতী ট্রেড সিন্ডিকেটের কর্মকর্তা মিরন ও শাহজাহান কবীর। তাঁরা একটি ব্যাগে টাকা নিয়ে হেঁটে পাশেই তাঁদের প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। এ সময় পিস্তল হাতে এক তরুণ তাঁদের সামনে এসে মিরনের হাতে থাকা টাকার ব্যাগটি কেড়ে নেওয়ার চেষ্টা করে। মিরন ব্যাগটি শাহজাহানের কাছে দিলে ছিনতাইকারী পিস্তলের বাঁট দিয়ে মিরনের মাথায় আঘাত করে। এতে মিরন মাটিতে পড়ে যান। এরপর শাহজাহানের কাছ থেকে ব্যাগটি নিয়ে পালিয়ে যায় ওই ছিনতাইকারী।