কমলাপুরের রেলওয়ে হাসপাতাল সবার জন্য উন্মুক্ত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কমলাপুরে বাংলাদেশ রেলওয়ে হাসপাতালকে ‘জেনারেল হাসপাতালে’ পরিণত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। আজ শনিবার বিকেলে রেলওয়ে হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি এ কথা জানান।

মোহাম্মদ নাসিম বলেন, রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সাধারণ মানুষের চিকিৎসা সেবা দিতে এ হাসাপাতালটিকে জেনারেল হাসপাতালে পরিণত করা হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে এবং তাঁর নির্দেশেই তিনি এ হাসপাতালটি পরিদর্শনে এসেছেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য সমস্যার পাশাপাশি বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসক ও আধুনিক যন্ত্রপাতির সংকট রয়েছে। এতে করে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরাও চিকিৎসা পান না। তাই সব সংকট নিরসন করে একটি অত্যাধুনিক হাসপাতাল তৈরি করে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

এ সময় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুরুল ইসলাম, অতিরিক্ত সচিব আইয়ুবুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দীন মো. নুরুল হক উপস্থিত ছিলেন।