দুর্ঘটনার ঝুঁকি কমাতে নীলফামারীর সৈয়দপুর শহরের পাঁচমাথা মোড়ের রেলগেটটি সম্প্রসারণ করা হচ্ছে। কিন্তু রেলগেটের দুই পাশের রাস্তা সমানভাবে প্রশস্ত না করায় পরিস্থিতি আগের চেয়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে বলে আশঙ্কা করা হচ্ছে। রেলগেট সম্প্রসারণ কাজে জড়িত প্রকৌশলী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও যানবাহনচালকেরা এই আশঙ্কা করেছেন।
সরেজমিনে গতকাল বুধবার দেখা যায়, শহরের ব্যস্ততম পাঁচমাথা মোড়ের রেলগেট সম্প্রসারণের কাজ চলছে। রেলগেটটি যে রাস্তার ওপর দিয়ে গেছে, সেটি পূর্বে-পশ্চিমে ভাগ হয়েছে। পশ্চিম পাশের সড়কটি ২২ থেকে বাড়িয়ে ৪২ ফুট করা হচ্ছে। মাঝে বসানো হয়েছে সড়ক বিভাজক (ডিভাইডার)। সড়ক বিভাজকের দুই পাশে পৃথকভাবে রেলগেটে প্রতিবন্ধক স্থাপনের কাজ চলছে। তবে রেলগেটের পূর্ব পাশের সড়ক কিন্তু রয়ে গেছে আগের মতো ২২ ফুটই।
সৈয়দপুর ট্রাফিক কার্যালয়ের পরিদর্শক (টিআই) ওয়াজ নবী বলেন, রেলগেটের পরিধি দেখে রোড ডিজাইন করা উচিত ছিল। রেলগেটের দুই পাশের সড়কই সমানভাবে সম্প্রসারণ করতে হবে। তা না হলে ঝুঁকি আরও বাড়বে। তিনি বলেন, যেহেতু রেলগেটের পূর্ব পাশের অংশটাও রেলের জায়গা, রেল কর্তৃপক্ষ চাইলেই এ পাশের রাস্তাসংলগ্ন স্থাপনা উচ্ছেদ করে পশ্চিম পাশের মতো প্রশস্ত করতে পারে।
রেলগেট ও পশ্চিমের সড়ক প্রশস্ত করার কাজ তদারকির দায়িত্বে নিয়োজিত রেলের পূর্ত বিভাগের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী তহিদুর রহমান বলেন, রেলগেট সম্প্রসারণের পাশাপাশি এর পূর্ব অংশের রাস্তার পাশ থেকে অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নিতে হবে। নয়তো এসব স্থাপনার কারণে দুর্ঘটনা আরও বেড়ে যেতে পারে।
রেলগেট এলাকার বাসিন্দা সৈয়দপুর বণিক সমিতির সভাপতি ইদ্রিস আলী বলেন, ‘পাঁচমাথা মোড়টি সৈয়দপুর শহরের একটি ব্যস্ততম এলাকা। এখানে দুর্ঘটনার ঝুঁকি কমাতে রেলগেট সম্প্রসারণের দাবিতে আমরা দীর্ঘ আন্দোলন করেছি। এ-সংক্রান্ত একাধিক প্রতিবেদন বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয়। সেই পরিপ্রেক্ষিতে রেলওয়ে কর্তৃপক্ষ গেট-সংলগ্ন রাস্তাটি চার লেনে উন্নীত করছে। দুই পাশে আলাদা রেলগেট বসাচ্ছে। এটা ভালো কথা।’ তিনি আরও বলেন, এর পাশাপাশি পূর্ব পাশের রাস্তার দুই ধারের স্থাপনাগুলোও সরিয়ে নেওয়া উচিত। তাহলে এলাকাটি ঝুঁকিমুক্ত হবে। নয়তো সৃষ্টি হতে পারে ভয়াবহ পরিবেশ।
পাঁচমাথা মোড়ে প্রতিদিন পিকআপ চালান তমিজ উদ্দিন। তিনি বলেন, পশ্চিম পাশের রাস্তা চার লেন করা হয়েছে। এপাশ থেকে রেলগেট পেরিয়ে গাড়ি ওপাশে গেলে সেখানেও সড়ক চার লেন করা প্রয়োজন। হঠাৎ লেন কমে গেলে সরু অংশের রাস্তার পাশের স্থাপনায় ধাক্কা লাগাই স্বাভাবিক। ফলে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে।
ট্রাকচালক ইয়াসিন, মিজান ও লতিফ বলেন, পাঁচমাথা এলাকায় অভ্যন্তরীণ পাঁচটি সড়ক মিলেছে। এসব পথে রংপুর, দিনাজপুর জেলাসহ আশপাশের এলাকার শত শত মানুষ শিল্প ও বাণিজ্য শহর সৈয়দপুরে যাতায়াত করে। ফলে দুর্ঘটনা এড়াতে হলে শুধু এক পাশের রাস্তা প্রশস্ত করে রেলগেট বাড়ালেই হবে না, রেলগেটের দুই পাশেই রাস্তা সমান প্রশস্ত করতে হবে।
সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) নূর আহমেদ হোসেন বলেন, ‘রেলগেট তদারকির দায়িত্ব আমার নয়। এ জন্য পৃথক বিভাগ রয়েছে। তবু রেলওয়ে কর্মকর্তা হিসেবে সাধারণ মানুষ আমাদের কাছে সমস্যা তুলে ধরেন। আমি নিজেও দেখেছি, গেটটি ঝুঁকিপূর্ণ রয়েই যাচ্ছে। এর দুই পাশের রাস্তাসংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ হওয়া জরুরি বলে আমি মনে করি।’
রেলওয়ের পাকশী বিভাগের ভূ-সম্পত্তি কর্মকর্তা (ডিইও) মোস্তাক আহমেদ বলেন, ‘জনস্বার্থে রেলগেটটি সম্প্রসারণ করা হচ্ছে। রেলের প্রকৌশল বিভাগ ওই রেলগেট সংশ্লিষ্ট রোড ডিজাইন করছে। আমি তাদের সঙ্গে কথা বলে অবৈধ স্থাপনা উচ্ছেদে পদক্ষেপ নিচ্ছি।’