যানজট কমানোর নামে কিছুদিন আগে বিমানবন্দর সড়কের খিলক্ষেত এলাকায় সড়ক বিভাজকের (রোড ডিভাইডার) কিছু অংশ তুলে দেয় উত্তর ট্রাফিক বিভাগের পুলিশ। এতে করে যানজট কমার বদলে আরও বেড়ে যায়। এখন ব্যস্ত এই সড়কে ঘণ্টার পর ঘণ্টা থমকে থাকতে হচ্ছে। অথচ এ উদ্যোগের আগে র্যাডিসন হোটেল থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কে কোনো যানজটই ছিল না।
সরেজমিনে দেখা গেছে, বিমানবন্দর থেকে বের হয়ে আসা যানবাহনগুলোকে বর্তমানে জসীমউদ্দীন চত্বর ঘুরে খিলক্ষেতের দিকে যেতে হয়। এ কারণে বিমানবন্দর চত্বরে যানজট তুলনামূলক কমে এলেও জসীমউদ্দীন মোড়ে প্রচণ্ড যানজট থাকে সব সময়। অন্যদিকে আগস্ট মাসে নতুন পদচারী-সেতু চালুর পর আশকোনা থেকে টঙ্গীমুখী যানবাহনগুলো বিমানবন্দর চত্বর ঘুরতে পারে না। এসব যানবাহন চলাচলের জন্য খিলক্ষেতের কাছে সড়ক বিভাজকের অংশ তুলে ফেলা হয়। কিন্তু এই মোড়ে দেখা দেয় প্রচণ্ড যানজট, যা সড়কের পূর্বদিকে বিমানবন্দর পুলিশ বক্স পর্যন্ত চলে যেত। অন্যদিকে মোড় থেকে সড়কের পশ্চিম দিকে এই যানজট ছড়িয়ে যেত খিলক্ষেত বাসস্ট্যান্ড পর্যন্ত। উত্তরা ৪ নম্বর সেক্টরের বাসিন্দা আকিলা খাতুন প্রথম আলোকে বলেন, উত্তরাবাসী হয়তো কোনো দিনই যানজট থেকে মুক্তি পাবেন না। এখন বিমানবন্দর চত্বরে যানজট কম। কিন্তু জসীমউদ্দীন চত্বরে যানজট চলতেই থাকে। অন্যদিকে সড়ক বিভাজক তুলে দেওয়ায় খিলক্ষেতে বসে থাকতে হয় প্রায় এক ঘণ্টা।
নজরুল ইসলাম নামে ৩ নম্বর সেক্টরের এক বাসিন্দা বলেন, বিভাজকের আরও বেশি অংশ তুললে ভালো হতো। কারণ, দুই দিক থেকে মোড় ঘুরতে গাড়িগুলোর বেশ অসুবিধা হয়।
এদিকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গতকাল খিলক্ষেতের খোলা অংশ বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধের কারণ জানতে চাইলে ট্রাফিক বিভাগের (উত্তর) হুমায়রা পারভিন প্রথম আলোকে বলেন, এটি তুলে ফেলার কারণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে পারবে।