রাষ্ট্রপতি জিল্লুর রহমান কমান্ড চ্যানেল অনুসরণের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করার যেকোনো ধরনের ঘৃণ্য অপচেষ্টার বিরুদ্ধে সতর্ক ও সজাগ থাকতে সেনাবাহিনীর সব সদস্যের প্রতি আহ্বান জানিয়েছেন।রাষ্ট্রপতি গতকাল বৃহস্পতিবার টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ সালাউদ্দিন সেনানিবাসে আর্মি মেডিকেল কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০১১, ষষ্ঠ কর্নেল কমান্ড্যান্ট অভিষেক ও জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠান-২০১২-তে এ আহ্বান জানান। খবর বাসসের।রাষ্ট্রপতি বলেন, ‘আমাদের সেনাবাহিনী সম্প্রতি গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার এক ঘৃণ্য অপচেষ্টা ব্যর্থ করে দিয়েছে।’ তিনি সতর্ক করে দিয়ে বলেন, কোনো অবস্থায় দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া নস্যাতের অপচেষ্টা বরদাশত করা হবে না।রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক জিল্লুর রহমান বলেন, সম্মিলিত সামরিক হাসপাতাল আধুনিক চিকিৎসা ও সেবার মাধ্যমে সামরিক-বেসামরিক উভয়ের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।রাষ্ট্রপতি দেশে-বিদেশে আর্মি মেডিকেল কোর, আর্মি ডেন্টাল কোর ও সশস্ত্র বাহিনীর নার্সিং সার্ভিসের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।লে. কর্নেল নাজমুল হুদা আর্মি মেডিকেল কোরের চার কন্টিনজেন্টের প্যারেড পরিচালনা করেন এবং রাষ্ট্রপতিকে অভিবাদন জানান।আর্মি মেডিকেল কোরকে জাতীয় পতাকা দেওয়ার আগে রাষ্ট্রপতি একটি খোলা জিপে প্যারেড পরিদর্শন করেন।জিপে তাঁর সঙ্গে ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন। পরে রাষ্ট্রপতি সেনানিবাসে কমান্ড্যান্ট কোরের সম্মেলনে যোগ দেন।রাষ্ট্রপতি মেডিকেল কোরের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং কমান্ডারদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।