কমান্ডার রানা রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাত দিনের রিমান্ড শেষে র‍্যাবের সাবেক কর্মকর্তা এম এম রানাকে গতকাল আদালতে হাজির করা হয়৷ তাঁকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে নতুন করে রিমান্ডে নেওয়া হয়েছে৷ ছবিটি নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণ থেকে তোলা l প্রথম আলো
সাত দিনের রিমান্ড শেষে র‍্যাবের সাবেক কর্মকর্তা এম এম রানাকে গতকাল আদালতে হাজির করা হয়৷ তাঁকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে নতুন করে রিমান্ডে নেওয়া হয়েছে৷ ছবিটি নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণ থেকে তোলা l প্রথম আলো

নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় নৌবাহিনী থেকে অবসরে পাঠানো র‌্যাব-১১-এর কর্মকর্তা লে. কমান্ডার এম এম রানাকে জিজ্ঞাসাবাদের জন্য আবার আট দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল রোববার বিকেলে সাত দিনের রিমান্ড শেষে রানাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে নতুন করে রিমান্ড চাইলে আদালত তা মঞ্জুর করেন৷
সাত খুনের অন্যতম শিকার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলামের দায়ের করা হত্যা মামলায় জ্যেষ্ঠ বিচারিক হাকিম কে এম মহিউদ্দিন এ আদেশ দেন৷ একই সঙ্গে আদালত এম এম রানাকে আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়িচালক ইব্রাহিম হত্যা মামলায়ও গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
সাতজন অপহরণ ও খুনের সময় এম এম রানা শহরের পুরাতন কোর্ট রোড এলাকায় অবস্থিত র‌্যাবের নারায়ণগঞ্জ ক্যাম্পের অধিনায়ক হিসেবে কর্মরত ছিলেন৷
বিকেল পাঁচটা ১০ মিনিটে কড়া নিরাপত্তার মধ্যে বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে এম এম রানাকে আদালতে হাজির করা হয়। এ সময় তাঁর েকামরে দড়ি ও হাতে হাতকড়া পরানো ছিল৷ এ সময় বিপুলসংখ্যক পুলিশ আদালত চত্বরে অবস্থান নেয়।
আদালতে কোর্ট পুলিশের উপপরিদর্শক (এসআই) আশরাফুজ্জামান র৵াব পরিচয়ে সাতজনকে অপহরণ ও পরে তাঁদের হত্যার ঘটনার সংক্ষিপ্ত বিবরণ দিয়ে বলেন, এটি চাঞ্চল্যকর মামলা। মামলার প্রধান আসামি নূর হোসেনের সঙ্গে কাউন্সিলর নজরুলের দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। এলাকার গডফাদার নূর হোসেন মাদক ব্যবসাসহ নানা অসামাজিক অপকর্ম করে আসছিলেন৷ তাঁর সঙ্গে র্যাবের সাবেক কর্মকর্তা এম এম রানাসহ অন্যদের সখ্য ছিল। নূর হোসেনের মাধ্যমে প্রভাবিত হয়ে তাঁরা সাতজনকে অপহরণ করে নিয়ে যান৷ অপহরণের পর হত্যার ঘটনার সঙ্গে কারা জড়িত, কীভাবে ও কোথায় হত্যা করা হয়েছে এবং হত্যায় র্যাবের আর কোন কোন সদস্য জড়িত, তা জানতে রানাকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন৷
তাঁর কোনো বক্তব্য আছে িক না, জানতে চাইলে এম এম রানা আদালতকে বলেন, ‘আমার কোনো বক্তব্য নেই। আদালত যে আদেশ দেবে, আমি তা মাথা পেতে নেব।’
আদালতে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেন এখনো গ্রেপ্তার হননি। তিনি কোথায় আছেন, কীভাবে আছেন এবং এই হত্যার ঘটনায় আর কে কে জড়িত, সে বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া জরুরি। আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন খান বলেন, সাতজনকে অপহরণের পর হত্যার ঘটনায় দুই প্রত্যক্ষদর্শী আদালতে ১৬৪ ধারায় জবানবিন্দ দিয়েছেন। এ ছাড়া হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটির কাছেও এ ঘটনায় সাক্ষ্য দিয়েছেন। এ ঘটনায় র‌্যাবের গ্রেপ্তারকৃত তিন কর্মকর্তা ছাড়াও র‌্যাবের সদস্যরা জড়িত ছিলেন৷ তাঁরা নূর হোসেনের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়ে প্রকাশ্যে অপহরণের পর হত্যাকাণ্ড সংঘটিত করেছেন। লাশের সঙ্গে উদ্ধার হওয়া রশি, ইট ও বস্তাগুলো র্যাবের। লাশ বাঁধতে যে গেরো দেওয়া হয়েছে, সেগুলো কমান্ডো গেরো৷