কমান্ডারের বিরুদ্ধে তহবিল তছরুপের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মাজহারুল হক ফকিরের বিরুদ্ধে সংস্থাটির তিন লক্ষাধিক টাকা তছরুপের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল সোমবার মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে গাজী আবদুস সালাম ভূঁইয়া (বীর প্রতীক) অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুভাষ চন্দ্র বিশ্বাসের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
কয়েকজন মুক্তিযোদ্ধা জানান, আগামী ৪ জুন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডারসহ বিভিন্ন পদে নির্বাচন হওয়ার কথা। ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে সেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। মন্ত্রণালয়ের নির্দেশে মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডারের দায়িত্ব চলে যায় ইউএনওর হাতে। গাজী আবদুস সালম ভূঁইয়া অভিযোগ করে জানান, দায়িত্ব হস্তান্তর করলেও মাজহারুল হক ফকির মুক্তিযোদ্ধা সংসদের ব্যাংক হিসাবের চেক বইটি নিজের কাছে রেখে দেন। মুক্তিযোদ্ধা সংসদের মালিকানাধীন একটি দোকানের ভাড়াটে জানান, তাঁর কাছ থেকে ভাড়া বাবদ সাবেক কমান্ডার দুই লাখ টাকা নিয়েছেন। কিন্তু ব্যাংক হিসাবে ওই অর্থ জমা পড়েনি।
মাজহারুল হক বলেন, ‘৫০ হাজার টাকা তুলেছি কার্যালয় সংস্কারের বিভিন্ন খরচ মেটানোর জন্য। এতে অন্যায় হয়ে থাকলে টাকা ফেরত দেব।’