কমার্স ব্যাংকের এজিএমের ওপর নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের (বিসিবিএল) বার্ষিক সাধারণ সভার ওপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আগামী ২০ আগস্ট এই সাধারণ সভা হওয়ার কথা। সাধারণ শেয়ারহোল্ডার মো. আবদুল মিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার ঢাকার সপ্তম সহকারী জজ আদালত বিবাদী ব্যাংক পক্ষকে জবাব দাখিল না করা পর্যন্ত ২০ আগস্টের সাধারণ সভা না করার নির্দেশ দেন।বাদীর আইনজীবী জাকারিয়া হায়দার জানান, সাধারণ শেয়ারহোল্ডাররা কমার্স ব্যাংকের জন্ম থেকে কোনো লভ্যাংশ পাননি। বাংলাদেশ ব্যাংক ২০১০ সালে কমার্স ব্যাংকের পরিশোধিত মূলধন ২০০ কোটি টাকায় উন্নীত করতে বললে সাধারণ শেয়ারহোল্ডারদের মধ্যে রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে তা সংগ্রহ করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের চাহিদা অনুযায়ী, ২০১১ সালে ব্যাংকটির পরিশোধিত মূলধন ৪০০ কোটি টাকা করার বাধ্যবাধকতা রয়েছে। সাধারণ শেয়ারধারীরা আশা করেছিলেন, এবারও তাঁদের মধ্যে রাইট শেয়ার ইস্যু করে এই মূলধন সংগ্রহ করা হবে। এতে তাঁরা কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে নিতে পারবেন।কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ আইপিওর মাধ্যমে এই মূলধন সংগ্রহের সিদ্ধান্ত নেন। একজন শেয়ারহোল্ডার এজিএমে বিষয়টি নির্ধারিত আলোচ্যসূচি (এজেন্ডা) হিসেবে নিয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে নেওয়ার আহ্বান জানান। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ এজিএমের আলোচ্যসূচিতে বিষয়টি রাখেননি। ফলে সাধারণ শেয়ারহোল্ডার মো. আবদুল মিয়া আদালতের কাছে প্রতিকার চেয়েছেন। বাদীর আইনজীবী প্রথম আলোকে বলেন, আদালত সাধারণ সভার ওপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দিয়েছেন।