কমার্স ব্যাংকের ১০৪ কোটি টাকা আত্মসাতে মামলা

গ্রাহকের ব্যাংক হিসাবে টাকা না থাকা সত্ত্বেও বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড থেকে টাকা তুলে নিয়ে আত্মসাতের অভিযোগে ব্যাংকটির দুই কর্মকর্তাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১-এ সংস্থাটির সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক বাদী হয়ে মামলাটি করেন।
মামলার এজাহারে বলা হয়, ব্যাংক থেকে ৪৫ লাখ টাকা তুলে নেওয়া হয়েছে, যা সুদসহ ১০৪ কোটি ৫৭ লাখ ৪৭ হাজার ৯২৭ টাকা দাঁড়ায়। মামলায় ওই পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় আসামি করা হয়েছে, বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের আগ্রাবাদ শাখার সাবেক ইভিপি ও ব্যবস্থাপক মুহম্মদ নিজাম উদ্দিন, সাবেক জুনিয়র অফিসার মো. নিজাম উদ্দিন, মেসার্স আক্তার এন্টারপ্রাইজের মালিক মো. নূর-উন-নবী, মেসার্স শাহজালাল ট্রেডার্সের মালিক মো. আনোয়ার মিয়া এবং দুই গ্রাহক কাজী শরীফ আহমেদ ও আবদুল আজিজ।
মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণা ও জাল জালিয়াতির মাধ্যমে গ্রাহকের হিসাবে টাকা না থাকা সত্ত্বেও টাকা তুলে নিয়ে আত্মসাৎ করেছেন। ব্যাংক কর্মকর্তারা ক্ষমতাবহির্ভূতভাবে ব্যাংকের প্রধান কার্যালয়ের অনুমতি এবং পর্যাপ্ত জামানত ছাড়া কমার্স ব্যাংকের চট্টগ্রাম আগ্রাবাদ শাখার কর্মকর্তারা গ্রাহকের যোগসাজশে ওই অনিয়ম করেন। ২০০২ সাল থেকে ২০১৫ সালের মার্চ পর্যন্ত সময়ে ৪৫ কোটি ১ লাখ ২১ হাজার ৯৪৭ টাকা তুলে নেওয়া হয়।