কমিউনিটি ক্লিনিক অনন্য উদ্যোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক একটি অনন্য উদ্যোগ বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলের পরিচালক পুনম ক্ষেত্রপাল সিং। তিনি গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।
পুনম ক্ষেত্রপাল ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলের ৬৭তম সম্মেলনে যোগ দিতে ঢাকায় এসেছেন। ৯ থেকে ১২ সেপ্টেম্বর অনুষ্ঠেয় এই সম্মেলনে সংস্থার মহাপরিচালক মার্গারেট চ্যানসহ এই অঞ্চলের ১১টি দেশের প্রতিনিধি ও অন্য কর্মকর্তারা যোগ দেবেন। ডব্লিউএইচও স্বাস্থ্য খাতের কোথায় কীভাবে কত বরাদ্দ দেবে, কোন বিষয় সামনে গুরুত্ব পাবে, সম্মেলনে তা আলোচনার কথা রয়েছে।
সাক্ষাৎকারে পুনম বলেন, ‘সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক একটি অনন্য উদ্যোগ। আমি বেশ কিছু ক্লিনিকে গিয়েছি। ক্লিনিক চালু রাখায় জনগণের স্বতঃস্ফূর্ত সম্পৃক্ততা আমাকে মুগ্ধ করেছে।’ তিনি বলেন, কমিউনিটি ক্লিনিকগুলো মা ও শিশু স্বাস্থ্যের ব্যাপারে খুবই যত্নশীল। কখনো ওষুধ ফুরিয়ে গেলে স্থানীয় মানুষই ওষুধ জোগাড় করছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মনে করে, অন্যান্য দেশের এই দৃষ্টান্ত অনুসরণ করা উচিত।
পুনম ক্ষেত্রপাল বলেন, একসময় এই অঞ্চলের জন্য প্রধান সমস্যা ছিল সংক্রামক ব্যাধি। এর প্রকোপ ঠেকানো যায়নি। নতুন যুক্ত হয়েছে অসংক্রামক ব্যাধির চাপ। দক্ষিণ-পূর্ব এশিয়ায় ৬০ শতাংশ মৃত্যুর কারণ এখন হৃদ্রোগ, স্ট্রোক, ডায়াবেটিস, ক্যানসার, শ্বাসতন্ত্রের রোগ। কিন্তু সংক্রামক ব্যাধি প্রতিরোধে বিশ্বনেতারা যতটা আগ্রহী, অসংক্রামক ব্যাধি প্রতিরোধে ততটা নন। কারণ, সংক্রামক ব্যাধি নির্মূলে যেসব কার্যক্রম হাতে নেওয়া হয়, সেগুলোর ফলাফল সাদা চোখে দেখা যায়। অসংক্রামক ব্যাধি নীরব ঘাতক। এ খাতে ব্যয়ে দাতারা খুব একটা আগ্রহ দেখান না। এটি এ অঞ্চলের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
ডব্লিউএইচওর এই কর্মকর্তা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা যত বাড়ছে, ততই মশা-মাছিবাহিত রোগের পরিমাণ বাড়ছে। আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে। তিনি জানান, একসময় নেপালে ম্যালেরিয়া হতো না, এখন হচ্ছে। ডেঙ্গু, চিকুনগুনিয়া, কালাজ্বর দেশগুলোকে বিপর্যস্ত করে ফেলেছে। এ দফায় ১১টি দেশের স্বাস্থ্যমন্ত্রীদের যে বৈঠক হবে, তাতে পাঁচটি দেশের মধ্যে সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে। দেশগুলো একসঙ্গে কালাজ্বরের ওষুধ কেনা থেকে শুরু করে রোগটি প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম একই সঙ্গে চালাতে পারবে। কেনাকাটার কাজ যখন একসঙ্গে অনেক দেশ করবে, তখন ওষুধের দাম কম পড়বে।
পুনম বলেন, ২০১৫ সালের মধ্যে সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণের কথা ছিল। বাংলাদেশ মা ও শিশুমৃত্যুর হার কমিয়ে আনায় সাফল্য দেখিয়েছে। কিন্তু অনেক দেশই এখনো পিছিয়ে।
স্বাস্থ্যমন্ত্রীর সংবাদ সম্মেলন: সোনারগাঁও হোটেলে আজ মঙ্গলবার দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলের স্বাস্থ্যমন্ত্রীদের ৩২তম সম্মেলন এবং ১০-১২ সেপ্টেম্বর ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলের ৬৭তম সম্মেলন উপলক্ষে গতকাল সংবাদ সম্মেলন করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। একটি হোটেলে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি বলেন, স্বাস্থ্যমন্ত্রীদের বৈঠকে মালদ্বীপের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হবে। কালাজ্বর নির্মূল বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর হবে বাংলাদেশসহ পাঁচটি দেশের মধ্যে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধন করবেন। সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের ১১ সদস্যের প্রতিনিধিদল অংশ নেবে। এ ছাড়া ভুটান, দক্ষিণ কোরিয়া, ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও পূর্ব তিমুরের স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিনিধিরা সম্মেলনে যোগ দেবেন।
স্বাস্থ্যমন্ত্রী এই সম্মেলন চলাকালে নেতিবাচক রাজনৈতিক কর্মসূচি না দেওয়ার আহ্বান জানিয়েছেন।