কমিউনিটি ক্লিনিক চালু রাখতে সমন্বিত উদ্যোগ নিন: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পল্লি অঞ্চলে কমিউনিটি ক্লিনিক যথাযথভাবে চালু রাখতে এবং স্বাস্থ্য খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল মঙ্গলবার ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশের সাত সেরা কমিউনিটি ক্লিনিককে পুরস্কার প্রদান এবং ওয়েবভিত্তিক স্বাস্থ্য সেবা ও তথ্য ব্যবস্থাপনা সমপ্রসারণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।পল্লির জনগণের নাগালে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিককে বর্তমান সরকারের এক অনন্য উদ্যোগ হিসেবে আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতে যুগান্তকারী এই কর্মসূচি বিশেষ করে নারী ও শিশুসহ পল্লির জনগণের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে ইতিমধ্যে অনন্য নজিরে পরিণত হয়েছে। তিনি বলেন, কমিউনিটি ক্লিনিক হচ্ছে কোনো রকম বিদেশি পরামর্শ ছাড়াই এ দেশে উদ্ভাবিত কর্মসূচি। এ জন্য নিজস্ব এই ব্যবস্থাকে ধরে রাখতে হবে এবং স্থানীয় জনগণের সহায়তায় এর যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।প্রধানমন্ত্রীর স্বাস্থ্য, পরিবার কল্যাণ ও সমাজকল্যাণবিষয়ক উপদেষ্টা অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) মুজিবুর রহমান ফকির, স্বাস্থ্যসচিব এম এম নিয়াজ উদ্দিন, ডব্লিউ এইচ ও প্রতিনিধি তুষার ফার্নান্ডো ও অতিরিক্ত সচিব মাখদুমা নার্গিস বক্তৃতা করেন।প্রধানমন্ত্রী প্রত্যেক বিভাগে একটি করে সেরা কমিউনিটি ক্লিনিককে ক্রেস্ট ও ল্যাপটপ প্রদান এবং কম্পিউটার বাটন টিপে ৬৪ জেলায় ওয়েবভিত্তিক স্বাস্থ্য সেবা ও তথ্য ব্যবস্থাপনা সম্প্রসারণ কর্মসূচির উদ্বোধন করেন। তিনি বলেন, কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠার অন্যতম মূল লক্ষ্য হচ্ছে গ্রামের মহিলাদের জন্য বাড়ির কাছাকাছি চিকিৎসা সেবার সুযোগ সৃষ্টি করা। যাতে করে তারা সঙ্গী ছাড়াই চিকিৎসকের কাছে যেতে পারে। স্বাস্থ্য খাতে তাঁর সরকারের নেওয়া বিভিন্ন সেবা কার্যক্রম প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতে গতিশীলতা আনতে প্রণীত জাতীয় স্বাস্থ্য নীতি ২০১১-এর আলোকে গোটা স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানো হয়েছে। তিনি বলেন, উপজেলা পর্যায়ে তিন স্তরে স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। সব উপজেলা হাসপাতালকে ৫০ শয্যায় এবং জেলা হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। ইফতার মাহফিল: প্রধানমন্ত্রী গতকাল তাঁর কার্যালয় ও গণভবনের কর্মকর্তা-কর্মচারীদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেন।ইফতারের আগে দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন আহমেদ মোনাজাত পরিচালনা করেন।প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী ও সৈয়দ মোদাচ্ছের আলী, প্রধানমন্ত্রীর গণ্যমাধ্যমবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ ওয়াহিদ-উজ-জামান প্রমুখ ইফতার মাহফিলে যোগ দেন।