কমিউনিটি ক্লিনিক জলাবদ্ধ রোগীদের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় পূর্ব কলাকোপা আবদুল মালেক কমিউনিটি ক্লিনিকটি প্রায় দেড় মাস ধরে জলাবদ্ধ অবস্থায় আছে। এতে রোগীদের কাদা-পানি মাড়িয়ে ক্লিনিকে যেতে হচ্ছে।
গত সোমবার দুপুরে আলেকজান্ডার-সোনাপুর সড়কের পাশে অবস্থিত ওই কমিউনিটি ক্লিনিকে গিয়ে দেখা যায়, আরসিসি পিলারের ওপর নির্মিত কমিউনিটি ক্লিনিক ভবনের চারপাশে পানি। ক্লিনিকে নারী, শিশুসহ ১০-১২ জন রোগী চিকিৎসা নিচ্ছে। ক্লিনিকে আসা রোগী গুচ্ছগ্রামের শাকেরা খাতুন (৬০) জানান, কয়েক দিন ধরে সর্দি-কাশি ও জ্বরে ভুগলেও ক্লিনিকে ঢোকার পথটি পানিতে ডুবে থাকার কারণে তিনি চিকিৎসা নিতে আসতে পারেননি। শরীরের অবস্থা আরও খারাপ হওয়ায় বাধ্য হয়ে কাদা-পানি মাড়িয়ে তাঁকে ক্লিনিকে আসতে হয়েছে।
দিনমজুর সেকান্দর আলম (৫৫) বলেন, গায়ে জ্বর ও পেটে প্রচণ্ড ব্যথা নিয়ে তিনি ক্লিনিকে এসেছেন। ক্লিনিকে ঢোকার পথে কাদা-পানিতে পা পিছলে পড়ে তাঁর জামাকাপড় ভিজে গেছে।
পূর্ব চরকলাকোপার মিনারা বেগম এবং গুচ্ছগ্রামের ইয়াছমিন আক্তার, জোছনা বেগম ও জাহাঙ্গীর আলম জানান, জলাবদ্ধতার কারণে ক্লিনিকে যাতায়াতে রোগীদের সমস্যা হচ্ছে।
ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) নাছিমা আক্তার জানান, প্রসূতি, নবজাতকসহ গড়ে প্রতিদিন ৭০-৭৫ জন সাধারণ রোগী ক্লিনিকে চিকিৎসাসেবা নিতে আসে। বৃষ্টির পানিতে প্রায় দেড় মাস ধরে জলাবদ্ধ থাকার কারণে লোকজনকে ক্লিনিকে আসতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ক্লিনিক ব্যবস্থাপনা কমিটির (কমিউনিটি গ্রুপ) সভাপতি ও ইউনিয়ন পরিষদের স্থানীয় সদস্য মো. ইউছুফ জানান, ক্লিনিকের ভবনটি নির্মাণ করার সময় সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। সংযোগ সড়ক নির্মাণের জন্য ইউনিয়ন পরিষদে প্রস্তাব করা হলেও কোনো কাজ হয়নি। এ অবস্থায় গত জুন মাসে ক্লিনিকের কার্যক্রম শুরুর সময় তাঁরা স্থানীয় উদ্যোগে মাটির রাস্তা নির্মাণ করেছিলেন। বর্ষায় তা-ও ধসে গেছে। এতে ক্লিনিকে যাতায়াতে রোগীদের সমস্যা হচ্ছে।
স্থানীয় চরপোড়াগাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আমিন বলেন, ক্লিনিকের ভবন নির্মাণের সময় কেন সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি, তা তিনি জানেন না। তবে বর্ষা শেষে সংযোগ সড়ক নির্মাণ করার জন্য ইউনিয়ন পরিষদ থেকে উদ্যোগ নেওয়া হবে।
কমিউনিটি ক্লিনিকের ভবন নির্মাণকাজের ঠিকাদারি প্রতিষ্ঠান বর্ষণ এন্টারপ্রাইজের মালিক শিবু দাস প্রথম আলোকে বলেন, এই কাজে সংযোগসড়ক নির্মাণের বিষয়টি ছিল না।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহিদুল ইসলাম অসুস্থ থাকায় এ ব্যাপারে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।