
তিস্তা নদীতে ভেঙে পড়া একটি স্থাপনা দেখিয়ে গ্রামবাসী বলছিল, ‘এ্যাটে কোনা হামার চিকিৎসা হচলো, অসুখ-বিসুখ হইলে হামরা এই হাসপাতালত আসছিলং। এলা হামরা কোনটে যামো? হামার অসুখ হইলে এলা কায় ওষুধ দেবে? এলা বুঝি হামাকগুলাক ওষুধ না খায়া মরা নাগবে। আর না হয় টাকা খরচ করি আদিতমারীত কিংবা লালমনিত যাওয়া নাগবে।’
লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের গোবর্ধন গ্রামে তিস্তা নদীতে ভেঙে পড়া গোবর্ধন কমিউনিটি ক্লিনিকের বিষয়ে গতকাল রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত এলাকাবাসীর অনেকে এই প্রতিনিধির কাছে এভাবেই প্রতিক্রিয়া জানান। তাঁদের মধ্যে ছিলেন ভেঙে যাওয়া গোবর্ধন কমিউনিটি ক্লিনিক-সংলগ্ন এলাকার বাসিন্দা আবদুল ওহাবের স্ত্রী সাহার বানু ও তাঁর প্রতিবেশী আবদুস ছাত্তারের স্ত্রী শরিফা বেগম। তাঁদের সঙ্গে ভিড় করেন গোবর্ধন গ্রামের বিভিন্ন বয়সের নারী-পুরুষ।
গোবর্ধন গ্রামের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, তিস্তা নদী ভাঙতে ভাঙতে গত বৃহস্পতিবার গভীর রাতে গোবর্ধন কমিউনিটি ক্লিনিকটির খুব কাছে চলে আসে। ওই রাতেই ক্লিনিকের টিনের একটি ঘর নদীতে চলে যায়। এরপর শনিবার নদীতে ভেঙে পড়ে কমিউনিটি ক্লিনিকের ভবনটি। এর আগে শুক্রবার সারা দিন এলাকাবাসী স্বাস্থ্য বিভাগের অনুমতি সাপেক্ষে কমিউনিটি ক্লিনিকের আসবাব, ওষুধপত্র ও ভবনের দরজা-জানালা খুলে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। যেন অপেক্ষা শুধু ভবনটি নদীগর্ভে তলিয়ে যাওয়া দেখা—এমন মন্তব্য করলেন কেউ কেউ।
এদিকে কমিউনিটি ক্লিনিকটির ভবন তিস্তা নদীতে ভেঙে যাওয়ার পর পার্শবর্তী এলাকার আবদুস ছাত্তার ও আবদুল ওহাবসহ কয়েকটি পরিবার গতকাল তাদের বাড়িঘর সরিয়ে নিতে শুরু করে।
মহিষখোঁচা বহুমুখী উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের শিক্ষক রবিউল ইসলাম বলেন, তিস্তা নদীবেষ্টিত গোবর্ধন, দক্ষিণ বালাপাড়াসহ দুর্গম কয়েকটি গ্রামের লোকজনের বিশেষ করে মহিলা ও শিশুদের ছোটখাটো স্বাস্থ্য সমস্যা বা চিকিৎসাসেবা হতো এই ক্লিনিকে। তিনি বলেন, এটি এখন তিস্তা নদীগর্ভে চলে গেল। কবে কোথায় আবার স্থায়ী ভবন নির্মাণ হবে তা এখনই বলা যাচ্ছে না।
আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন, ‘বিষয়টি জানার পর স্বাস্থ্য বিভাগের লোকজনকে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়। তিনি বলেন, বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে নদীর গ্রাস থেকে ক্লিনিকের যতটুকু অংশ বা যা যা সরানো সম্ভব তা করতে সবাইকে উৎসাহিত করেছি।’
লালমনিরহাট সিভিল সার্জন মোহাম্মদ আমিরুজ্জামান বলেন, কমিউনিটি ক্লিনিকটি তিস্তা নদীগর্ভে বিলীন হয়েছে। এর যেটুকু অংশ এখনো পানির ওপরে টিকে আছে, তা বিধি মোতাবেক নিলামের জন্য ব্যবস্থা করা হবে। তিনি বলেন, ‘ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী ও অন্যদের বলা হয়েছে, বিকল্প স্থানে বা ব্যবস্থায় বন্যাকবলিত গ্রামের লোকদের স্বাস্থ্যসেবা প্রদান অব্যাহত রাখতে হবে। সেই লক্ষ্যে আমাদের যা করণীয় তা করছি।’