কমিউনিটি ক্লিনিক যাচ্ছে খালের পেটে
বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া কমিউনিটি ক্লিনিকটি তেলিভাড়ানি খালের ভাঙনের কবলে পড়েছে। পানি উন্নয়ন বোর্ড ভাঙন রোধে ক্লিনিকটির পাশে এর আগে পাইলিং করলেও অব্যাহত ভাঙন ও স্বাভাবিক জোয়ারে তা ধসে যাওয়ায় ক্লিনিকটি যেকোনো মুহূর্তে বিলীন হয়ে যেতে পারে।সরেজমিনে দেখা গেছে, ক্লিনিকটির ২০ মিটার দূরে তেলিভাড়ানি খালের মোহনার স্লুইসগেট দিয়ে প্রবাহিত পানির তোড়ে ক্লিনিকটির পাশে তীব্র ভাঙনের সৃষ্টি হয়েছে। বর্তমানে ভাঙন ক্লিনিকটির তিন ফুটের মধ্যে এসে ঠেকেছে। স্থানীয়রা অভিযোগ করেন, মাস ছয়েক আগে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ভাঙন ঠেকাতে দায়সারাভাবে পাইলিং করে। ফলে নির্মাণের এক মাসের মাথায় তা খালের পানির তোড়ে ধসে যায়। এতে সেখানে ভাঙন আরও তীব্র হয়ে ওঠে।বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, ওই এলাকা এতটাই ভাঙছে যে বর্তমানে তা ক্লিনিক ভবনের তিন ফুটের মধ্যে এসে ঠেকেছে। এমন অবস্থায় ভাঙন ঠেকাতে ব্যবস্থা গ্রহণ জরুরি। বিষয়টি পাউবোর আওতাধীন। আমি বিষয়টি তাদের অবহিত করেছি। তা ছাড়া ইউনিয়ন পরিষদের প্রয়োজনীয় অর্থ না থাকায় কোনো ব্যবস্থা নিতে পারছি না। বামনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সোহরাব হোসেন বলেন, ক্লিনিকের খুব কাছে খালের ভাঙন এসে ঠেকায় যেকোনো মুহূর্তে ক্লিনিক ভবনটি খালে বিলীন হতে পারে। ছয় মাস আগে ভাঙন ঠেকানোর জন্য পাউবোর বরগুনাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন দপ্তরে লিখিত অনুরোধ জানিয়েও কোনো ফল হচ্ছে না।এ ব্যাপারে পাউবো বরগুনার নির্বাহী প্রকৌশলী জহির উদ্দীন আহাম্মদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তবে শাখা কর্মকর্তা (এসও) মো. আবু হানিফ বলেন, আট মাস আগে ভাঙনকবলিত ওই স্থানে পাইলিং করা হয়েছিল। দায়সারাভাবে নয়, ঠিকভাবেই ওই পাইলিং করা হয়েছিল। কিন্তু পানির তোড়ে তা বিলীন হয়ে যায়। এরপর আমি ওই এলাকায় গিয়ে অবস্থা দেখে এসেছি। বর্তমানে সেখানে ভাঙনের কী অবস্থা, তা জানি না। নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।