সিলেটে ৪৬টি নতুন কমিউনিটি ক্লিনিক স্থাপনের জন্য স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পাঁচ কোটি টাকার দরপত্র বাছাইয়ের ঘটনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে তিন ঠিকাদার আহত হয়েছেন। গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে সিলেট নগরের চৌহাট্টায় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, সিলেট জেলায় ৪৬টি কমিউনিটি ক্লিনিক স্থাপনের জন্য স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর দরপত্র আহ্বান করে। প্রতিটি ক্লিনিক নির্মাণে ব্যয় ধরা হয় ১২ লাখ টাকা। এই হিসাবে ৪৬টি ক্লিনিক নির্মাণে সাড়ে পাঁচ কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়। গতকাল ছিল দরপত্র বাছাই ও লটারির নির্ধারিত দিন। বিকেলে দরপত্র বাছাই করা হয়। এতে ১১০ জন ঠিকাদার অংশ নেন। এর মধ্যে ১৫ জনের দরপত্র ‘অসম্পূর্ণ কাগজের’ অভিযোগে বাছাইপর্বে বাতিল করা হয়। বাতিল হওয়া ঠিকাদারদের মধ্যে কয়েকজন ছিলেন বিএনপি-সমর্থক। বাছাইয়ে সরকারি দল-সমর্থক ঠিকাদারদের প্রভাব রয়েছে দাবি করে ক্ষুব্ধ হন অন্য ঠিকাদারেরা। লটারি পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কয়েকজন ঠিকাদার সেখানে গিয়ে অন্য ঠিকাদারদের ওপর হামলা চালান। এ সময় দুই পক্ষের ঠিকাদারের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এতে আজিজুর রহমান, আতিক আহমদ ও ইফতিদ আহমদ নামের তিনজন ঠিকাদার আহত হন। খবর পেয়ে সিলেট কোতোয়ালি থানার একদল পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঠিকাদার আজিজুর রহমান অভিযোগ করেন, নিয়ম অনুযায়ী দরপত্র বাছাইপর্ব শেষে শান্তিপূর্ণ পরিবেশে লটারিও শেষ হয়। এরপর কয়েকজন ঠিকাদার এসে অন্য ঠিকাদারদের ওপর হামলা চালিয়ে তাঁদের মারধর করেন। বিষয়টি সমঝোতার জন্য উভয় পক্ষকে নিয়ে সভা ডাকা হয়েছে। ঘটনা সম্পর্কে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সিলেটের নির্বাহী প্রকৌশলী বদরুল ইসলাম প্রথম আলোকে জানান, দরপত্র নিয়ে ঠিকাদারদের মধ্যে ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। পরে তা মীমাংসা করে দেওয়া হয়েছে। সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি।