কমিউনিটি ক্লিনিকগুলোতে নজরদারি বাড়াতে হবে
গণশুনানিতে বাংলাদেশের কয়েকজন নারী বলেছেন, দেশের কমিউনিটি ক্লিনিকগুলোকে নজরদারি এবং স্বাস্থ্য খাতে কর্মরত চিকিৎসকসহ অন্যদের জবাবদিহির আওতায় আনা দরকার। তাঁদের এই কথা নাগরিকদের গণশুনানি-বিষয়ক ‘নাথিং অ্যাবাউট আস, উইদাউট আস: সিটিজেনস ভয়েসেস ফর উইমেনস, চিলড্রেনস অ্যান্ড এডোলেসেন্টস হেলথ’ শীর্ষক বৈশ্বিক প্রতিবেদনে স্থান পেয়েছে।
গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে বৈশ্বিক প্রতিবেদনে স্থান পাওয়া বাংলাদেশের অধ্যায়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। তাতে অংশ নেন সাংসদ ও জেনেভাভিত্তিক ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সভাপতি সাবের হোসেন চৌধুরীসহ অন্য কয়েকজন অতিথি।
মূল প্রতিবেদনটি বাংলাদেশসহ ২০টি দেশে অনুষ্ঠিত প্রায় ১০০টি নাগরিক গণশুনানির প্রাপ্ত তথ্য ও সুপারিশ নিয়ে তৈরি। গণশুনানিগুলোতে বিভিন্ন বয়স ও পেশার নাগরিক অংশ নেন। তাঁরা স্বাস্থ্য খাতের সরকারি কর্মকর্তাসহ নেতৃবৃন্দের কাছে সরাসরি বিভিন্ন প্রশ্ন করেন। গণশুনানি থেকে প্রাপ্ত সুপারিশগুলোই প্রতিবেদনে স্থান পায়।
গণশুনানিতে বাংলাদেশের নারীরা হাসপাতালগুলোকে নারী ও শিশুবান্ধব, হাসপাতালে বুকের দুধ খাওয়ানোর জন্য আলাদা স্থান নির্ধারণ, পুষ্টি, শিশু ও মাতৃস্বাস্থ্যের বিষয় পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছেন।
সংবাদ সম্মেলনে সাবের হোসেন চৌধুরী বলেন, জাতীয় সংসদের কার্যবিধি অনুযায়ী সংসদের পক্ষ থেকেই এ ধরনের শুনানির আয়োজন করার কথা। তবে তা এখন পর্যন্ত করা সম্ভব হয়নি। তিনি বলেন, জবাবদিহির বিষয়টি কোনো সরকারের কাছেই স্বস্তিকর নয়। তবে ২০১৫-পরবর্তী নতুন ‘সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলে’ বিভিন্ন প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আনার কথা বলা হয়েছে। সরকার তা পূরণে অঙ্গীকার করেছে।