কমিউনিটি ক্লিনিকগুলো চলবে ট্রাস্টের অধীনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। ঢাকা, ৩০ জুলাই। ছবি: ফোকাস বাংলা
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। ঢাকা, ৩০ জুলাই। ছবি: ফোকাস বাংলা

দেশের কমিউনিটি ক্লিনিকগুলো চলবে একটি ট্রাস্টের অধীনে। এখন এই ক্লিনিকগুলো সরকারের একটি প্রকল্পের অধীনে চলে। এ জন্য আজ সোমবার মন্ত্রিসভায় ‘কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা আইন-২০১৮’–এর খসড়ার অনুমোদন দেওয়া হয়।

আজ তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার এ নিয়মিত বৈঠক। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম।

সচিব বলেন, এই ট্রাস্ট পরিচালনার জন্য একটি বোর্ড থাকবে। ১৪ সদস্যের এই বোর্ডে প্রধানমন্ত্রীর মনোনীত একজন সভাপতি থাকবেন। এ ছাড়া একজন ব্যবস্থাপনা পরিচালক থাকবেন। তিনি অতিরিক্ত সচিব বা সমমর্যাদার একজন কর্মকর্তা হবেন। এ ছাড়া একটি উপদেষ্টা কমিটি থাকবে, যার প্রধান হবেন প্রধানমন্ত্রী।

সচিব বলেন, এই ট্রাস্টে সরকারি বা বেসরকারি যে কেউ অনুদান দিতে পারবেন। যদি ট্রাস্ট আর্থিক সংকটে পড়ে, তাহলে সরকারের তহবিল থেকে অর্থ জোগান দেওয়া হবে।

কমিউনিটি ক্লিনিকগুলোর কর্মীরা ট্রাস্টের অধীনে বেতন-ভাতা পাবেন। বর্তমানে সারা দেশে ১৩ হাজার ৮৬১টি কমিউনিটি ক্লিনিক রয়েছে।

এই ক্লিনিকগুলোর কর্মীরা এখন একটি প্রকল্পের অধীনে চলেন। তাঁরা দীর্ঘদিন ধরে তাঁদের রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করার দাবি করে আসছিলেন।

আজকের সভায় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী কল্প রঞ্জন চাকমা এবং খুলনার সাংসদ মোস্তফা রশিদী সুজার মৃত্যুতে শোকপ্রস্তাব গ্রহণ করে মন্ত্রিসভা। এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়ানডে সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানানো হয়েছে।