কমিউনিটি ক্লিনিকে টাকা নেওয়া হচ্ছে
সরকারের কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে কমিউনিটি ক্লিনিকে সেবা নিতে আসা রোগীদের কাছ থেকে টাকা নিচ্ছেন ভোলার দুজন স্বাস্থ্যকর্মী। রোগীরা ১০ টাকা না দিলে তিনি কোনো ওষুধ দেন না। সরকার প্রতিটি ক্লিনিকে ২৮ ধরনের ওষুধ দিচ্ছে বিনা মূল্যে দেওয়ার জন্য।
স্বাস্থ্যকর্মী দুজনের মধ্যে মো. ইসমাইল দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের ‘চর টবগী (লুৎফর পাটোয়ারী বাড়ি) কমিউনিটি ক্লিনিকের’ সিএইচসিপির (কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার) দায়িত্ব পালন করছেন গত ফেব্রুয়ারি থেকে। তাঁকে সহায়তা করেন স্বাস্থ্য সহকারী মো. হেলাল উদ্দিন।
১৭ সেপ্টেম্বর দুপুরে ওই ক্লিনিকে গিয়ে মূল ফটকে তালা ঝুলতে দেখা যায়। পাশের বাজারের কাপড় ব্যবসায়ী জানালেন, তাঁর কাছে চাবি আছে। তিনি মূল ফটক খুলে দিলেন। আস্তে আস্তে কৌতূহলী মানুষ জড়ো হতে থাকেন। তাঁরা জানালেন, ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পাঁচ দিন পর গত মঙ্গলবার এসেছিলেন। কেউ বললেন সপ্তাহে দুই দিন আসেন, কেউ বললেন এক দিন।
তাঁদের মধ্যে মমতাজ বেগম বললেন, ক্লিনিকে ওষুধের অভাব নেই। কিন্তু টাকা ছাড়া তাঁরা ওষুধ দেন না। জ্বরে আক্রান্ত ছেলেকে নিয়ে তিনি এসেছিলেন। ডাক্তার (সিএইচসিপি) ১০ টাকা নিয়ে ওষুধ দিয়েছেন। আবদুল মজিদ ও তাঁর স্ত্রী তাছনুর জানালেন, ২০ টাকা নিয়ে ওষুধ দিয়েছেন।
মো. ইসমাইল টাকা নেওয়ার কথা স্বীকার করে মুঠোফোনে বলেন, ক্লিনিকের জন্য একটি তহবিল গঠন করতে এ টাকা নেওয়া হচ্ছে। উপজেলায় সভা থাকায় তিনি ১৭ সেপ্টেম্বর ক্লিনিকে আসতে পারেননি বলে জানান। এ ছাড়া বাড়ি দূরে থাকায় ক্লিনিকে আসতে তাঁর দেরি হয়।
ইসমাইল যেদিন আসেন, মসজিদের মাইকে তা ঘোষণা দেওয়া হয়। এলাকার মানুষ ক্লিনিকে জড়ো হন। ৩০-৪০ জন রোগী সেদিন ওষুধ নেন। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা জানেন না যে প্রতিদিন ক্লিনিক খোলা ও বিনা মূল্যে ওষুধ দেওয়ার কথা।
টাকা নেওয়ার কথা শুনে বিস্ময় প্রকাশ করেছেন ভোলার সিভিল সার্জন ফরিদ আহম্মদ। প্রথম আলোকে তিনি জানান, ভোলা জেলায় ১৯৯টি ক্লিনিক চালু আছে। ক্লিনিকগুলো ঠিকমতো চলছে কি না, তা তদারকির দায়িত্ব সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ অন্য কর্মকর্তাদের।
মুঠোফোনে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শাহ আলম বলেন, তিনি প্রতি মাসে একবার ওই ক্লিনিক পরিদর্শন করেন। তাঁর কাছে এসব অভিযোগ কেউ করেনি।