কমিউনিটি ক্লিনিকে পুলিশ কর্মকর্তার আবাসন
নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল বাঁশগাড়ী ইউনিয়নের দুই কক্ষের কমিউনিটি ক্লিনিকের একটি কক্ষ পুলিশ ফাঁড়ির কর্মকর্তার আবাস ও অস্ত্রাগার হিসেবে ব্যবহার করা হচ্ছে। এতে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা।স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা সদর থেকে এই চর এলাকার দূরত্ব ৩০ কিলোমিটার। এলাকার প্রায় আড়াই হাজার লোকের একমাত্র ভরসা এই কমিউনিটি ক্লিনিক। ১৯৯৮ সালে ক্লিনিকের জন্য দুই কক্ষের একটি ভবন নির্মাণ করা হয়। ১২ বছর পর ২০১১ সালের অক্টোবরে ক্লিনিকটি চালু হয়। এদিকে ২০০৯ সালে ক্লিনিকের পাশে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করা হয়। তখন ক্লিনিকটির একটি কক্ষ ওই ফাঁড়ির অস্ত্রাগার হিসেবে ব্যবহার করা হয়। পরে কক্ষটিতে পুলিশ ফাঁড়ির কর্মকর্তার আবাস হিসেবে ব্যবহার শুরু হয়।বালিয়াকান্দি গ্রামের ববিতা রানী সূত্রধর বলেন, ‘ক্লিনিকে কেমনে যামু কন দেহি, বেটা মাইষের সামনে কি আর মহিলারার রোগের কথা কওন যায়? হেগর লাইগা আমগো ক্লিনিকে যাইতে লজ্জা লাগে।’কমিউনিটি ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী সালমা আক্তার বলেন, ‘এখানে মূলত মহিলা ও শিশুদের স্বাস্থ্যসেবা দেওয়া হয়। কিন্তু ক্লিনিকের ভেতরে ব্যাচেলর পুলিশ থাকার কারণে অনেক নারী এখানে আসতে বিব্রত বোধ করেন। আর অন্যের কথা কী বলব, আমার নিজেরও অনেক সময় বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে।’ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ বলেন, ‘ফাঁড়ির কক্ষে অস্ত্র রাখা অনেকটা অনিরাপদ। তাই আমরা অস্ত্রাগার হিসেবে ক্লিনিকের একটি কক্ষ ব্যকহার করি। এখন যদি কারও সমস্যা হয় তারা আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে পারে। পরে কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবে আমরা তা মেনে নেব।’উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, এসব ক্লিনিকে মাতৃত্ব ও শিশু সেবা বেশি দেওয়া হয়। কিন্তু ক্লিনিকের ভেতরে পুলিশ কর্মকর্তার বসবাসের কারণে অনেক রোগী আসতে চান না। তাঁরা জেলা পুলিশকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলেছেন।