কমিউনিটি ক্লিনিকে বিশ্বব্যাংকের সাহায্য না নেওয়ার সুপারিশ
কমিউনিটি ক্লিনিক পরিচালনায় বিশ্বব্যাংকের আর্থিক সহযোগিতা না নেওয়ার সুপারিশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটি বলেছে, বিশ্বব্যাংক যে পরিমাণ অর্থ সাহায্য দিয়ে থাকে, তার তুলনায় বেশি খবরদারি করে থাকে। তাদের পরামর্শ দেশের জনস্বাস্থ্যে ইতিবাচক কোনো ভূমিকা রাখে না।
গতকাল রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত স্বাস্থ্য মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। বৈঠক শেষে কমিটির সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ প্রথম আলোকে বলেন, বিশ্বব্যাংক কমিউনিটি ক্লিনিক প্রকল্পে ২০ থেকে ২৫ শতাংশ অর্থ সাহায্য দিয়ে থাকে। একই সঙ্গে তারা সরকারের ওপর কিছু সিদ্ধান্ত চাপিয়ে দেয়, যা এদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে অপ্রয়োজনীয়। এতে সরকারের অর্থের অপচয় হয় বলে কমিটি মনে করে। বিশ্বব্যাংক যে টাকা দিয়ে থাকে, কমিটি সেই পরিমাণ টাকা সরকারের কাছ থেকে নিয়ে ক্লিনিক পরিচালনার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছে। বর্তমানে দেশে ১৩ হাজারের বেশি কমিউনিটি ক্লিনিক রয়েছে।
বৈঠকে জানানো হয়, সরকারের মালিকানাধীন অ্যাসেনসিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেডের (ইউডিসিএল) তৈরি করা ওষুধ ভুটান ও শ্রীলঙ্কায় রপ্তানি হচ্ছে। এ ছাড়া মিয়ানমান ও ভিয়েতনামসহ আরও কয়েকটি দেশে রপ্তানির প্রক্রিয়া চলছে। যুক্তরাষ্ট্র ও কানাডাসহ ইউরোপের বিভিন্ন দেশে ইউডিসিএলের তৈরি কনডম রপ্তানির বিষয়ে আলোচনা চলছে।
শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, প্রতিমন্ত্রী জাহিদ মালেক, আ ফ ম রুহুল হক, ইউনুস আলী সরকার, শরিফুল ইসলাম জিন্নাহ, নিজাম উদ্দিন হাজারী ও সেলিনা বেগম অংশ নেন।