কমিউনিটি ক্লিনিক থেকে ৮২ শতাংশ এলাকাবাসী সেবা নেয়। আর দিনের হিসাবে গড়ে সেবা নেওয়া মানুষের সংখ্যা ৩৫ জন। ক্লিনিকগুলো বাড়ির কাছাকাছি হওয়ায় এবং সেখানে বিনা মূল্যে সাধারণ রোগের ওষুধ পাওয়া যায় বলে দিন দিন এই সেবাগ্রহীতার সংখ্যাও বাড়ছে।
কমিউনিটি ক্লিনিক নিয়ে এ মূল্যায়নটি করেছে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)। ২০১৩ সালে তৈরি এ মূল্যায়ন প্রতিবেদনটি এ বছরের প্রথম দিকে প্রকাশ করা হয়। সরকারের পৃথক দুটি জরিপেও এসব ক্লিনিক নিয়ে ৮০ থেকে ৯৮ শতাংশ মানুষ সন্তুষ্টির কথা জানিয়েছে।
তবে আইএমইডির প্রতিবেদনে ক্লিনিকগুলোর দুর্বল দিকও চিহ্নিত করা হয়েছে। এতে বলা হয়, দেশের ৫৭ শতাংশ কমিউনিটি ক্লিনিকের দরজা, জানালা, ভবনের মতো অবকাঠামোর অবস্থা ভালো নয়। ৪০ শতাংশ ক্লিনিক সুপারিশ করা নকশা অনুযায়ী তৈরি হয়নি। ৪২ শতাংশের নলকূপ অকেজো ও ৩৬ শতাংশের শৌচাগার নষ্ট।
সাম্প্রতিক সময়ে দেশের স্বাস্থ্য খাতের অন্যতম আলোচিত বিষয় ‘রিভাইটালাইজেশন অব কমিউনিটি হেলথ কেয়ার ইনিশিয়েটিভস ইন বাংলাদেশ’ প্রকল্প বা কমিউনিটি ক্লিনিক প্রকল্প। জনগণের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার বাংলাদেশি এই উদ্যোগের ব্যাপারে আন্তর্জাতিক মহলেরও আগ্রহ রয়েছে। জাতিসংঘের মহাসচিব বান কি মুন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক মার্গারেট চ্যান বাংলাদেশ সফরের সময় কমিউনিটি ক্লিনিকের কাজ দেখে গেছেন। এই উদ্যোগকে বিপ্লব আখ্যা দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘কমিউনিটি ক্লিনিক হেলথ রেভল্যুশন ইন বাংলাদেশ’ (কমিউনিটি ক্লিনিক বাংলাদেশে স্বাস্থ্যবিপ্লব) নামের একটি প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছে।
প্রকল্প কার্যালয় সূত্র জানিয়েছে, দেশে বর্তমানে ১২ হাজার ৫৩৭টি কমিউনিটি ক্লিনিক চালু আছে। ২০০৯ সালের জুলাইয়ে শুরু হওয়া প্রায় দুই হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প এ বছরের ডিসেম্বরে শেষ হবে।
প্রকল্প পরিচালক মাখদুমা নার্গিস প্রথম আলোকে বলেন, সারা দেশের এতগুলো ক্লিনিকের নির্মাণকাজ তদারক করা সম্ভব হয়নি বলে তাতে কিছু ত্রুটি আছে। তবে একটি জায়গা থেকে (ক্লিনিক) মানুষ স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও পুষ্টিসেবা পাচ্ছে, এটা বিরাট ব্যাপার।
যেখানে চিকিৎসক নেই: বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর থেকে ১০ কিলোমিটার পূর্বে আমির হামজাপাড়া কমিউনিটি ক্লিনিক। ২৯ এপ্রিল ক্লিনিকে গিয়ে দেখা যায়, প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী (কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার) চেনু চাক এক রোগীর স্বাস্থ্যপরীক্ষায় ব্যস্ত, আর দুজন রোগী অপেক্ষায়। চেনু চাক জানালেন, গড়ে দৈনিক ৫০ জন রোগী সেবা নিতে আসে এই ক্লিনিকে।
দুই কিলোমিটার দূরের মেহেরপুর থেকে কানের ব্যথা নিয়ে এসেছিলেন আনোয়ারা বেগম। কক্সবাজার (ওই এলাকা থেকে কক্সবাজার কাছে) বা চট্টগ্রামে যেতে অনেক খরচ। থাকা-খাওয়ার ঝামেলা। ঝামেলামুক্ত করেছে এই ক্লিনিক। চেনু তাঁকে তিন ধরনের বড়ি দিয়ে সেবনের নিয়ম বলে দিলেন।
তবে চিকিৎসকহীন এসব কেন্দ্র থেকে সেবা নিয়ে মানুষ সন্তুষ্ট বলে পৃথক দুটি জরিপে জানা গেছে। জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের (নিপোর্ট) জরিপে দেখা গেছে, বাড়ির পাশের ক্লিনিক থেকে ওষুধ আর পরামর্শ নিয়ে ৮০ শতাংশ মানুষ সন্তুষ্ট। জাতীয় রোগ প্রতিরোধ ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) জরিপ বলছে, সেবা নিয়ে ৯৮ শতাংশ মানুষ সন্তুষ্ট।
উপজেলায় চাপ কমছে: চেনু চাক মনে করেন, কমিউনিটি ক্লিনিক থাকার কারণে অনেকে আর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে যান না। একই কথা বললেন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনোয়ার আহমদ। তিনি জানালেন, বছর চারেক আগে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে দৈনিক গড়ে সাড়ে ৪০০ রোগী বহির্বিভাগে সেবা নিতে আসত। এখন আসছে গড়ে ৩০০ জন। বিভিন্ন ইউনিয়নে ৪৩টি কমিউনিটি ক্লিনিক চালু থাকায় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে রোগী কমেছে।
মাখদুমা নার্গিস বলেন, ২০১০ সালে দুই কোটি ৩৬ লাখ মানুষ ক্লিনিক থেকে সেবা নেয়। ২০১১ সালে তিন কোটি ৭২ লাখ, ২০১২ সালে সাত কোটি ২২ লাখ এবং ২০১৩ সালে নয় কোটি ৮৫ লাখ মানুষ সেবা নিয়েছে।
শেরপুর জেলার নকলা এবং ফরিদপুর জেলার চর ভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য যাচাই করে দেখা গেছে, কমিউনিটি ক্লিনিকগুলোতে সেবাগ্রহীতার সংখ্যা বাড়ছে, ওই দুই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী কমছে।
প্রকল্প সূত্র জানায়, কমিউনিটি ক্লিনিকগুলোতে এখন বিনা মূল্যে ৩২ ধরনের ওষুধের পাশাপাশি স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও পুষ্টি পরামর্শ দেওয়া হয়। কিছু ক্লিনিকে প্রসব সেবাও দেওয়া হচ্ছে। মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ভুকতেরা কমিউনিটি ক্লিনিকে এ পর্যন্ত দুই শতাধিক প্রসব হয়েছে।
অনেক কিছুই ঠিক নেই: আইএমইডির মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে, ‘অনেক সেবাকেন্দ্রে পানি সরবরাহের জন্য টিউবওয়েল আছে, কিন্তু তা অকেজো অবস্থায় আছে। নিরাপদ পানির জন্য টিউবওয়েল মেরামত ও প্রয়োজনে নতুন টিউবওয়েল পুনঃস্থাপনের ব্যবস্থা করা দরকার।’
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ৬২ শতাংশ ক্লিনিকের নিরাপত্তাবেষ্টনী বা বেড়া নেই; ২০ শতাংশ ক্লিনিকে যাতায়াতের রাস্তা খারাপ এবং ৫৭ শতাংশ অপরিষ্কার। কিছু ক্লিনিকের পাশ দিয়ে বিদ্যুতের তার গেলেও ক্লিনিকে সংযোগ নেই। আসবাব ও যন্ত্রপাতি নষ্ট থাকার কথাও বলা হয়েছে প্রতিবেদনে।
কমিউনিটি ক্লিনিক প্রকল্পের কেন্দ্রীয় কার্যালয় ঢাকায়, এর আর কোনো শাখা কার্যালয় নেই। আইএমইডি বলছে, মাঠপর্যায়ে জনবল না থাকায় প্রকল্প বাস্তবায়ন পরিস্থিতি ঠিকভাবে পর্যবেক্ষণ ও তদারকি করা হচ্ছে না।
প্রশিক্ষণপ্রাপ্ত একাধিক স্বাস্থ্যকর্মী (কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার) জানিয়েছেন, কয়েক মাস যাবৎ তাঁদের বেতন বন্ধ আছে। এ ছাড়া উন্নয়ন প্রকল্পে চাকরি স্থায়ী হওয়ার নিশ্চয়তা না থাকায় অনেকে কাজ ছেড়ে অন্য কাজ ধরেছেন। তবে প্রকল্প কার্যালয় থেকে প্রথম আলোকে বলা হয়েছে, আগামী অর্থবছর থেকে প্রকল্পটি রাজস্ব খাতে যাবে। তখন এসব সমস্যা থাকবে না।
৮২ শতাংশ
এলাকাবাসী সেবা নেয়। আর দিনের হিসাবে গড়ে সেবা নেওয়া মানুষের সংখ্যা ৩৫ জন
৫৭ শতাংশ
ক্লিনিকের অবস্থা ভালো নয়। ৪২ শতাংশের নলকূপ অকেজো ও ৬ শতাংশের শৌচাগার নষ্ট