কমিউনিটি ক্লিনিকে সেবা দিতে হবে চিকিৎসকদের: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, এখন থেকে সপ্তাহে অন্তত এক দিন চিকিৎসকদের কমিউনিটি ক্লিনিকে গিয়ে সেবা দিতে হবে। আজ বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে কমিউনিটি ক্লিনিক—হেলথ রেভেল্যুশন ইন বাংলাদেশ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
মোহাম্মদ নাসিম বলেন, ‘ছয় হাজারের বেশি নতুন চিকিৎসক গ্রামে কাজ করছেন। যেসব জায়গায় চিকিৎসকদের বসার ব্যবস্থা নেই, সেসব জায়গায় আমি এমপি সাহেবদের বসার ব্যবস্থা করে দিতে বলেছি। বলেছি, চেয়ার না থাকলে চেয়ার দেন, টেবিল না থাকলে টেবিল দেন, ছাউনি না থাকলে ছাউনি করে দেন। এর সুফল পাওয়া যাচ্ছে। এই চিকিৎসকেরা এখন থেকে সপ্তাহে অন্তত এক দিন কমিউনিটি ক্লিনিকে যাবেন। তাঁরা রোগীদের সেবা দেবেন।’
১৯৯৬-২০০১ সাল মেয়াদে সে সময়কার আওয়ামী লীগ সরকার প্রথমবারের মতো ছয় হাজার কমিউনিটি ক্লিনিক চালু করেছিল। বিএনপি-জামায়াত জোট সরকার এসে ক্লিনিকগুলো বন্ধ করে দেয়। এ দফায় প্রত্যন্ত অঞ্চলসহ দেশের বিভিন্ন জায়গায় ১৩ হাজারের বেশি কমিউনিটি ক্লিনিক চালু করা হয়। সরকার পরিবর্তন হলে কমিউনিটি ক্লিনিকের কর্মীরা কোথায় যাবেন, একজন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, ‘কমিউনিটি ক্লিনিক প্রকল্পকে রাজস্ব খাতে স্থানান্তর করা হবে।’
স্বাস্থ্যমন্ত্রী বিএনপি-জামায়াত জোটকে উদ্দেশ করে বলেন, ‘সবকিছু নিয়ে রাজনীতি করবেন না। কমিউনিটি ক্লিনিক বন্ধ করা হলে তা হবে প্রসূতি মায়ের ওপর আঘাত। অন্যায়, পাপ।’
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দীন মুহাম্মদ নুরূল হুদা বলেন, মা ও শিশু স্বাস্থ্যের কথা মাথায় রেখে কমিউনিটি ক্লিনিকগুলো চালু হয়েছিল। এখন মা ও শিশু মৃত্যুর হার কমানোর যে লক্ষ্যমাত্রা ছিল, সেটি অর্জনের পথে রয়েছে বাংলাদেশ। একই সঙ্গে দারিদ্র্য দূর করতেও ভূমিকা রাখছে কমিউনিটি ক্লিনিক। স্বাস্থ্যসেবা পাওয়ার ফলে মানুষ আরও বেশি প্রভাব রাখতে পারছে দেশের অর্থনীতিতে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি এন পারানিথারান বলেন, বাংলাদেশের কমিউনিটি ক্লিনিক সারা বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর জন্য অনুকরণীয় এক দৃষ্টান্ত।
কমিউনিটি ক্লিনিক প্রকল্পের পরিচালক মাখদুমা নার্গিস বলেন, সংখ্যার দিক থেকে লক্ষ্যমাত্রা অর্জন করা গেছে। এখন গুণগত মান নিশ্চিত করার জন্য কাজ করে যেতে হবে। এ লক্ষ্যে কমিউনিটি ক্লিনিকের কর্মীদের ধারাবাহিকভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।