
নীলফামারী সদরের দুহুলি গ্রামের মানুষের জমিয়ে রাখা ধান দিয়ে এলাকার কমিউনিটি ক্লিনিকটি এখন দোতলা। অন্যান্য সেবার পাশাপাশি সেখানে নিরাপদে সন্তান প্রসবেরও ব্যবস্থা হয়েছে।
এভাবে কমিউনিটি ক্লিনিককে সচল ও শক্তিশালী করতে স্থানীয় জনগণের অংশগ্রহণ অপরিহার্য বলে মনে করে সরকার ও বেসরকারি সংস্থা।
প্রথম আলো কার্যালয়ে গতকাল মঙ্গলবার ‘মা ও শিশুর স্বাস্থ্যসেবায় কমিউনিটি ক্লিনিক’ শিরোনামে গোলটেবিল বৈঠকের আলোচনায় এমন অভিমত উঠে এসেছে। বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন, বাংলাদেশের সহযোগিতায় প্রথম আলো এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে। গোলটেবিল বৈঠক সঞ্চালনা করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম।
গোলটেবিল বৈঠকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দীন মো. নুরুল হক বলেন, বাংলাদেশে কমিউনিটি ক্লিনিক টিকে থাকবে। কারণ, কমিউনিটি ক্লিনিক প্রত্যন্ত এলাকার মানুষের আস্থা অর্জন করতে পেরেছে। জনসম্পৃক্ততা আরও বাড়ানো গেলে মানুষ এ থেকে আরও সেবা পাবে। ২০০৯ সাল থেকে ৪০ কোটি বার মানুষ কমিউনিটি ক্লিনিকের সেবা নিয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বাংলাদেশে এখন প্রতি ছয় হাজার মানুষের জন্য একটি কমিউনিটি ক্লিনিক আছে। এগুলো স্থানীয় মানুষের দান করা জমির ওপর তৈরি। এসব ক্লিনিক থেকে স্থানীয় মানুষ প্রাথমিক স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও পুষ্টিসেবা পেয়ে থাকেন। সেখানে বিনা মূল্যে ৩০ ধরনের ওষুধ দেওয়া হয়। রোগের উপসর্গ বিবেচনা করে প্রশিক্ষণপ্রাপ্ত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী পাঠান। ক্লিনিক পরিচালনার সঙ্গে যুক্ত থাকেন স্থানীয় লোকজন। ক্লিনিকের সুবিধা-অসুবিধা দেখা, সচল ও শক্তিশালী রাখা, তহবিল সংগ্রহের কাজটিও স্থানীয় লোকজনের করার কথা।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও কমিউনিটি ক্লিনিক প্রকল্পের পরিচালক মাখদুমা নার্গিস বলেন, ‘কমিউনিটি ক্লিনিককে সহযোগিতা দিতে সরকার ১৮টি বেসরকারি সংস্থার (এনজিও) সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে। খুলনার ফুলতলায় একটি এনজিও স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে বাড়ির পাশে সবজি চাষ ও খোঁয়াড়ে হাঁস-মুরগি পালনে উৎসাহ দিচ্ছে। এতে করে মানুষের পুষ্টিচাহিদা পূরণ হচ্ছে। প্রথমে আমাদের লক্ষ্য ছিল কমিউনিটি ক্লিনিকগুলো চালু করা। এখন আমাদের উদ্দেশ্য এগুলোকে ভালোভাবে টিকিয়ে রাখা। প্রকল্প শেষ হওয়ার পর এনজিও যখন চলে যাবে, তখন সাধারণ মানুষকে ক্লিনিকগুলো টিকিয়ে রাখতে হবে।’
ওয়ার্ল্ড ভিশন ময়মনসিংহের মুক্তাগাছা ও ফুলবাড়িয়ায় ৮৫টি কমিউনিটি ক্লিনিক পরিচালনায় সহযোগিতা করছে। এই ক্লিনিকগুলো কীভাবে মা ও শিশুর স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করতে কাজ করছে, তার ওপর একটি উপস্থাপনা দেখান সংস্থাটির অ্যাডভোকেসি ডিরেক্টর চন্দন জেড গোমেজ।
ওয়ার্ল্ড ভিশনের আঞ্চলিক স্বাস্থ্য সমন্বয়ক জয়ন্তনাথ বলেন, তাঁদের সংস্থা দুটি উপজেলায় ‘কমিউনিটি ভয়েস অ্যাকশন’ নামে একটি মঞ্চ গড়ে তুলেছে। এ ছাড়া প্রতি ৩০০ পরিবারের জন্য সংস্থাটি একজন ‘নিউট্রিশন প্রমোটার’ নিয়োগ করেছে। তাঁরা বাড়ি গিয়ে মানুষকে উদ্বুদ্ধ করায় এখন সেবা নেওয়ার হার আগের চেয়ে বহু গুণে বেড়েছে। তিনি বলেন, আগে স্থানীয় জনগণকে নিয়ে গঠিত কমিউনিটি গ্রুপ বা কমিউনিটি সাপোর্ট গ্রুপ তাদের ভূমিকা সম্পর্কে জানত না। কিন্তু সেই অবস্থা আর নেই। এখন তারা ক্লিনিকের তহবিলে পাঁচ লাখ টাকা জমা করেছে। এ তহবিল থেকে কমিউনিটি ক্লিনিকের অবকাঠামোগত ছোটখাটো সমস্যার সমাধান হচ্ছে। আগে ২৯টি কেন্দ্রে বিদ্যুৎ ছিল না, এখন সৌরবিদ্যুৎ আছে।
গোলটেবিল বৈঠকে মুক্তাগাছা কমিউনিটি ক্লিনিকের প্রতিনিধি মো. ইউসুফ আলী উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘আমরা একটা স্কোরকার্ডে ক্লিনিকের সমস্যাগুলো লিখে রাখি, পরে সেগুলো সমাধান করি।’
দরিদ্র পরিবারে কোনো গর্ভবতী নারী থাকলে বাড়িতে লাল কাপড় উড়িয়ে দেওয়া এবং গর্ভকালীন টাকা সঞ্চয়ে উদ্বুদ্ধ করছে এনজিও হেলথ সার্ভিস ডেলিভারি প্রজেক্ট (এনএইচএসডিপি)। এ ধরনের উদ্যোগের সুফল পাওয়া যাচ্ছে বলে উল্লেখ করেন সংস্থাটির মাতৃস্বাস্থ্যবিশেষজ্ঞ রওশন আরা বেগম।
এনজিও যুক্ত থাকলে কিংবা না থাকলে কমিউনিটি ক্লিনিকগুলোর অবস্থা কেমন তা খতিয়ে দেখা জরুরি বলে মনে করেন প্ল্যান ইন্টারন্যাশনাল, বাংলাদেশের স্বাস্থ্য উপদেষ্টা ইখতিয়ার উদ্দিন খন্দকার। তিনি বলেন, কমিউনিটি ক্লিনিকগুলো বেশিমাত্রায় এনজিওনির্ভর হয়ে উঠছে কি না, সেটাও দেখা প্রয়োজন।
সেভ দ্য চিলড্রেনের হেলথ অ্যান্ড নিউট্রিশন বিভাগের জ্যেষ্ঠ পরামর্শক গোলাম মোদাব্বীর কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) তিন মাসের প্রশিক্ষণ যথেষ্ট কি না খতিয়ে তা দেখার পরামর্শ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের প্রভাষক আবদুল খালেকও একই মন্তব্য করেন।
কমিউনিটি ক্লিনিক প্রকল্প পরিচালক মাখদুমা নার্গিস বলেন, সিএইচসিপিদের জন্য ই-লার্নিংয়ের ব্যবস্থা আছে। অনলাইনে নিয়মিত পরীক্ষা দিয়ে পাস করার ওপর তাদের চাকরি থাকা-না থাকা ও পদোন্নতি নির্ভর করে।
বেসরকারি সংস্থা গেইনের উপকর্মসূচি ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান বলেন, কমিউনিটি ক্লিনিকে পুষ্টির বিষয়টি একটু কম গুরুত্ব পাচ্ছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আতিকুল হক বলেন, শিশুস্বাস্থ্যকে সামগ্রিকতার আলোকে দেখতে হবে এবং মানসিক স্বাস্থ্যকেও এর আওতায় আনতে হবে।
যুগান্তর-এর সাংবাদিক শিপন হাবিব নারী ও শিশুস্বাস্থ্য রক্ষার কাজে স্বামী ও পরিবারের পুরুষদের অংশগ্রহণ বাড়ানোর ওপর জোর দেন।