কমিউনিটি ক্লিনিকে স্বচ্ছ প্রক্রিয়ায় স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ে যে প্রক্রিয়ায় নিয়োগ সম্পন্ন হয়েছে, কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যকর্মী নিয়োগে একই প্রক্রিয়া অনুসরণ করা হবে। গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ লিভার অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক সম্মেলন উদ্বোধনের পর উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যকর্মীর পদে দলীয় লোক নিয়োগ দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলীর সাম্প্রতিক বক্তব্য সম্পর্কে সাংবাদিকেরা স্বাস্থ্যমন্ত্রীর মতামত জানতে চান। স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, গত দেড় বছরে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়োগ স্বচ্ছ প্রক্রিয়ায় হয়েছে; দলীয় প্রভাব ছিল না। তিনি বলেন, কমিউনিটি ক্লিনিকে একই প্রক্রিয়ায় স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। উপদেষ্টার বক্তব্য সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী বলেন, নিজে না শুনে অন্যের বক্তব্য সম্পর্কে তিনি মন্তব্য করতে চান না।গত ২০ সেপ্টেম্বর গোপালগঞ্জে মোদাচ্ছের আলী বলেছিলেন, সাড়ে ১৩ হাজার কমিউনিটি ক্লিনিকে আওয়ামী লীগের পরীক্ষিত কর্মীদের হেলথ সার্ভিস প্রোভাইডার হিসেবে নিয়োগ দেওয়া হবে। ওই সময় স্বাস্থ্যমন্ত্রী দেশের বাইরে ছিলেন।লিভার অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রুহুল হক বলেন, দেশে যকৃৎ প্রতিস্থাপনের (লিভার ট্রান্সপ্লান্টেশন) সুযোগ খুব তাড়াতাড়ি সৃষ্টি হবে। চিকিৎসাসেবার উন্নতিতে যে কাউকে সহায়তা দেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় প্রস্তুত।বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি মাহমুদ হাসান বলেন, দেশের ৫ থেকে ৭ শতাংশ মানুষ হেপাটাইটিস-বি এবং ১ থেকে ২ শতাংশ মানুষ হেপাটাইটিস-সি ভাইরাসে আক্রান্ত। তিনি বলেন, দেশের স্বাস্থ্যসমস্যা মোকাবিলায় সরকারকে সহায়তা করার জন্য চিকিৎসদের এগিয়ে আসা উচিত।আয়োজকেরা জানান, লিভার অ্যাসোসিয়েশনের নবম দ্বিবার্ষিক সম্মেলনে বাংলাদেশ ছাড়াও হংকং, সিঙ্গাপুর ও ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকেরা অংশ নিয়েছেন। আজ সম্মেলনের শেষ দিন।অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির বলেন, টিকাদান কর্মসূচির কারণে দেশে যকৃৎ রোগের প্রকোপ কমে গেছে।