কমিউনিটি ক্লিনিকের জন্য ট্রাস্ট ফান্ড করার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘শ্রেষ্ঠ কমিউনিটি ক্লিনিক-২০১৪’ পুরস্কার প্রদান এবং ‘ই-লার্নিং কার্যক্রম’ উদ্বোধন করেন। ছবি: ফোকাস বাংলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘শ্রেষ্ঠ কমিউনিটি ক্লিনিক-২০১৪’ পুরস্কার প্রদান এবং ‘ই-লার্নিং কার্যক্রম’ উদ্বোধন করেন। ছবি: ফোকাস বাংলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার পরিবর্তন হলেও কমিউনিটি ক্লিনিকগুলো যাতে বন্ধ হয়ে না যায় এ জন্য তাঁর সরকার একটি ট্রাস্ট ফান্ড গঠন করবে। প্রধানমন্ত্রী আজ শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘শ্রেষ্ঠ কমিউনিটি ক্লিনিক-২০১৪’ পুরস্কার প্রদান এবং ‘ই-লার্নিং কার্যক্রম’ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, তাঁর সরকার শিক্ষা খাতে সহায়তা দিতে এবং স্নাতক পর্যায় পর্যন্ত বৃত্তি দিতে শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড গঠন করেছে। কমিউনিটি ক্লিনিকগুলো যাতে ভালোভাবে চলতে পারে এবং জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত হয় সে জন্য একইভাবে একটি ট্রাস্ট ফান্ড গঠন করা হবে। খবর বাসসের।
এই ফান্ড গঠনের পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ‘কমিউনিটি ক্লিনিকের জন্য একটি হিসাব থাকবে যা স্থানীয় লোকেরা পরিচালনা করবে। সম্পদশালী ব্যক্তি, বিভিন্ন সংস্থা এবং ক্লিনিক থেকে যাঁরা সেবা গ্রহণ করবেন, ওই ফান্ডে তাদের অনুদান গ্রহণ করা হবে।’
এ ব্যাপারে আওয়ামী লীগ সরকারের আমলে প্রতিষ্ঠিত কমিউনিটি ক্লিনিকগুলো বিএনপি-জামায়াত সরকারের বন্ধ করে দেওয়ার অভিজ্ঞতা বর্ণনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘এখন থেকে স্থানীয় লোকেরা কমিউনিটি ক্লিনিক চালাবেন। এভাবে কমিউনিটি ক্লিনিকগুলো স্থায়ী ভিত্তি পাবে এবং অর্থনৈতিকভাবে এগুলো স্বাবলম্বী হয়ে উঠবে।’ তিনি আরও বলেন, প্রতিটি কাজে সরকারের ওপর নির্ভরশীলতা কমাতে জনগণকে মানসিকভাবে তৈরি হতে হবে। প্রতিটি কাজে তাদের সরকারের ওপর নির্ভরশীলতার অভ্যাস থেকে বেরিয়ে আসতে হবে। তাদের বরং ভাবতে হবে, ‘আমরা যা করতে চাই আমরা তা করতে পারি।’

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও পরিবার কল্যাণবিষয়ক সাবেক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্বাস্থ্যসচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এর আগে প্রধানমন্ত্রী সাতটি বিভাগের নির্বাচিত সেরা কমিউনিটি ক্লিনিকগুলোর মাঝে পুরস্কার বিতরণ করেন।