কমিউনিটি ক্লিনিকের জন্য ট্রাস্ট ফান্ড হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার শিক্ষাসহায়তা ট্রাস্ট তহবিলের মতো কমিউনিটি ক্লিনিকগুলোর জন্য একটি ট্রাস্ট ফান্ড গঠনের উদ্যোগ নিয়েছে। সরকার পরিবর্তন হলেও কমিউনিটি ক্লিনিকগুলো যাতে বন্ধ হয়ে না যায়, সে জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী গতকাল শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘শ্রেষ্ঠ কমিউনিটি ক্লিনিক-২০১৪’ পুরস্কার প্রদান এবং ‘ই-লার্নিং কার্যক্রম’ উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া ভাষণে এ কথা বলেন। খবর বাসসের।
শেখ হাসিনা বলেন, তাঁর সরকার শিক্ষা খাতে সহায়তা দিতে এবং স্নাতক পর্যায় পর্যন্ত বৃত্তি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্ট ফান্ড গঠন করেছে। কমিউনিটি ক্লিনিকগুলো যাতে ভালোভাবে চলতে পারে এবং জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারে, এ জন্য একইভাবে একটি ট্রাস্ট ফান্ড গঠন করা হবে।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও পরিবার কল্যাণবিষয়ক সাবেক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি এন পরানিথরান সম্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন এবং রিভাইটালাইজেশন অব কমিউনিটি হেলথ কেয়ার ইনিশিয়েটিভস ইন বাংলাদেশের প্রকল্প পরিচালক মাকদুমা নার্গিস স্বাগত বক্তব্য দেন। এর আগে প্রধানমন্ত্রী সাতটি বিভাগের নির্বাচিত সেরা কমিউনিটি ক্লিনিকগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করেন।
স্বাস্থ্য খাতে ট্রাস্ট ফান্ড গঠনের পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, কমিউনিটি ক্লিনিকের জন্য একটি হিসাব থাকবে, যা স্থানীয় লোকজন পরিচালনা করবে। সম্পদশালী ব্যক্তি, বিভিন্ন সংস্থা এবং ক্লিনিক থেকে যাঁরা সেবা গ্রহণ করবেন, তাঁদের অনুদান গ্রহণ করা হবে।
আওয়ামী লীগ সরকারের আগের আমলে প্রতিষ্ঠিত কমিউনিটি ক্লিনিকগুলো বিএনপি-জামায়াত সরকারের সময় বন্ধ করে দেওয়ার তিক্ত অভিজ্ঞতার কথা তুলে প্রধানমন্ত্রী বলেন, এখন থেকে স্থানীয় লোকজন কমিউনিটি ক্লিনিক চালাবেন। এভাবে ক্লিনিকগুলো স্থায়ী ভিত্তি পাবে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে।
কেউ যেন কমিউনিটি ক্লিনিকের ওষুধ বাইরে বিক্রি করতে না পারে, সে জন্য সতর্ক থাকতে জনগণের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। ক্লিনিকে সহজলভ্য ওষুধের তালিকা টাঙিয়ে রাখার নির্দেশনা দেন তিনি। কমিউনিটি ক্লিনিক থেকে বিনা মূল্যে ৩০ ধরনের জরুরি ওষুধ সরবরাহ করা হচ্ছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা জানান, মেডিকেল শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য সরকার প্রতিটি বিভাগীয় সদরে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবে।
কমিউনিটি স্বাস্থ্যসেবা প্রদানকারীদের জন্য ই-লার্নিং প্রোগ্রাম সম্পর্কে তিনি বলেন, এই কর্মসূচি কমিউনিটি স্বাস্থ্যসেবা প্রদানকারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করবে।