কমিউনিটি ক্লিনিকের জায়গায় ঘর তুলে মাদক ব্যবসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার যাদুরতাইড় কমিউনিটি ক্লিনিকের জায়গা অবৈধভাবে দখল করে ঘর নির্মাণ করা হয়েছে। নূরুল ইসলাম নামের স্থানীয় এক মাদক ব্যবসায়ী ওই ঘর তুলে সেখানে মাদক ব্যবসা চালাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। ফলে উঠতি বয়সের তরুণেরা বিপথগামী হওয়ার পাশাপাশি স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এদিকে ওই অবৈধ দখল উচ্ছেদ করে মাদক ব্যবসা বন্ধের দাবিতে গত ২৮ জানুয়ারি জেলা প্রশাসককে লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী। সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল আউয়াল বলেন, জেলা প্রশাসন ওই ক্লিনিকের জায়গা থেকে অবৈধ দখলদার উচ্ছেদে ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছে। অচিরেই উচ্ছেদ অভিযান চালানো হবে।যাদুরতাইড় ক্লিনিক সূত্র এবং এলাকাবাসীর অভিযোগে জানা গেছে, ১৯৯৬ সালে উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের যাদুরতাইড় গ্রামে পাঁচ শতক জমিতে ক্লিনিকটি গড়ে ওঠে। ২০০৬ সালে ক্লিনিকের দুই শতক জায়গা জোরপূর্বক দখল করে দুটি ঘর নির্মাণ করেন নুরুল ইসলাম। তখন থেকে তিনি সেখানে বসবাস ও নিয়মিত গাঁজা, ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্যের ব্যবসা চালাচ্ছেন।ক্লিনিকের দায়িত্বে থাকা (ইনচার্জ) ফাতেমা খাতুন বলেন, ঘর নির্মাণ করায় ক্লিনিকের দুটি জানালা সব সময় বন্ধ রাখতে হয়। ফলে অন্ধকারের মধ্যে সেবা কার্যক্রম চালানো হচ্ছে। তিনি আরও বলেন, ‘ওই মাদক ব্যবসায়ীকে জায়গা ছেড়ে দেওয়ার কথা বললে তিনি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মারমুখী হয়ে ওঠেন। এমনকি নানা হুমকিও দেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না। ফলে ক্লিনিকের কার্যক্রম ব্যাহত হচ্ছে।’ যাদুরতাইড় গ্রামের বাসিন্দা ও ঘুড়িদহ ইউপির সদস্য আজাহার আলী বলেন, প্রতিদিন অসংখ্য লোক রিকশা-ভ্যানসহ বিভিন্ন যানবাহনে করে ক্লিনিকে চিকিৎসা নিতে আসেন। কিন্তু ঘর নির্মাণ করায় ক্লিনিকের জায়গা সংকুচিত হয়ে পড়েছে। যানবাহন রাখার কোনো জায়গা নেই।যাদুরতাইড় গ্রামের স্কুলশিক্ষক জাহিদ হোসেন বলেন, ‘ক্লিনিকের কাছেই আমার বাড়ি। দখলদার নুরুল ইসলামকে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে সবাই চেনেন। কিছুদিন আগে পুলিশ তাঁকে গাঁজাসহ গ্রেপ্তার করেছিল। তিনি স্থানীয় বখাটে তরুণ ও মাদকসেবীদের ছত্রছায়ায় থাকেন। ফলে তাঁর বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পান না।’ক্লিনিক পরিচালনা কমিটির সভাপতি আতাউর রহমান চৌধুরী বলেন, ‘গ্রামাঞ্চলের মানুষ হাতের কাছেই যাতে স্বাস্থ্যসেবা পান, এ চিন্তা করে ক্লিনিকের জন্য পাঁচ শতক জায়গা দান করেছিলাম। কিন্তু জায়গা বেদখল হওয়ায় সেবা ব্যাহত হচ্ছে। বিষয়টি প্রশাসনকে বারবার জানানো হচ্ছে। প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না।’ ঘুড়দহ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আতাউর রহমান বলেন, ‘ক্লিনিকের জায়গা থেকে অবৈধ ঘর উচ্ছেদের জন্য আমি নিজেও কর্তৃপক্ষকে তাগাদা দিয়েছি।’ সাঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ওয়াজেদ আলী বলেন, ইউএনওর সঙ্গে কথা বলে অচিরেই উচ্ছেদের ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ দখলদার নুরুল ইসলাম মাদক ব্যবসার কথা এবং গালিগালাজ করা ও হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ওই জায়গা জোরপূর্বক দখল করিনি। জায়গাটি ফাঁকা ছিল, তাই ঘর তুলে বসবাস করছি।’