রোগের ধরন বদলাচ্ছে। কিন্তু কমিউনিটি ক্লিনিকগুলো ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে এসব রোগের প্রাথমিক চিকিৎসাসেবা কতটুকু সম্ভব, তা মূল্যায়ন হওয়া দরকার।
গতকাল সোমবার বেসরকারি সংস্থা ব্র্যাক, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) ও দ্য ডেইলি স্টার-এর যৌথ উদ্যোগে ‘ইউনিভার্সাল হেলথ কাভারেজ: বাংলাদেশ পারসপেকটিভ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এ অভিমত উঠে এসেছে।
ডেইলি স্টার মিলনায়তনে আয়োজিত এই গোলটেবিল বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য রশিদ-ই-মাহবুব বলেন, কমিউনিটি ক্লিনিকগুলো প্রাথমিক স্বাস্থ্যসেবা কতটা দিতে পারছে, তা দেখা দরকার। কমিউনিটি ক্লিনিকে সেবা দেওয়া হয়, কিন্তু সেখানে চিকিৎসাসেবা দেওয়ার ক্ষেত্রে কোনো পেশাদার লোক নেই।
যে পদ্ধতি অনুসরণ করে স্বাস্থ্য খাতে বাংলাদেশ সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সঠিক পথে আছে, ঠিক সেই পদ্ধতিগুলো পরে কাজে আসবে কি না, তা নিয়ে ভাবার তাগিদ দেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, রোগের ধরন বদলেছে। কমিউনিটি ক্লিনিকগুলো এসব রোগের প্রাথমিক পর্যায়ের সেবা দিতে সক্ষম কি না এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো কতটা কার্যকর, তা দেখা দরকার।
বৈঠকে সবার জন্য স্বাস্থ্য সুরক্ষা নিশ্চি করতে সম্পদের অপ্রতুলতা এবং স্বাস্থ্য খাতে সুশাসনের অভাবকে প্রধান দুটি সমস্যা বলে চিহ্নিত করেন আলোচকেরা। আইসিডিডিআর,বির উপনির্বাহী পরিচালক আব্বাস ভূঁইয়া বলেন, বাংলাদেশ স্বাস্থ্য খাতে অনেক উন্নতি করেছে। কিন্তু সেবা পেতে যত ব্যয় হয়, তার ৬৪ শতাংশ সাধারণ মানুষকে নিজের পকেট থেকে ব্যয় করতে হচ্ছে। সেবাক্ষেত্রে বৈষম্য ব্যাপক। মূলত এই প্রেক্ষাপটেই সবার জন্য স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এখন খুব জরুরি।
সাবেক সচিব মো. হুমায়ুন কবির চিকিৎসা ব্যয় মেটাতে বিমা প্রতিষ্ঠানগুলোকে এ কাজে সম্পৃক্ত করা ঠিক হবে কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন। আইসিডিডিআর,বির স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের প্রধান জাহাঙ্গীর এ এম খান বলেন, সুইডেনে স্বাস্থ্যবিমা চালু আছে। জনগণ কর দিচ্ছেন এবং কাউন্টি কাউন্সিল বেসরকারি ক্লিনিকগুলোর সঙ্গে চুক্তি করছে। এতে করে কেউ অসুস্থ হলে বেসরকারি প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ সেবা নিতে পারছে।
বৈঠকে ব্র্যাকের ভাইস চেয়ারপারসন মুস্তাক চৌধুরী, স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি কর্মসূচির প্রধান কাওসার আফসান, আইসিডিডিআর,বির ইউনিভার্সাল হেলথ কাভারেজ কর্মসূচির উপকর্মসূচি ব্যবস্থাপক মো. ইকবাল, প্রথম আলোর বিশেষ প্রতিনিধি শিশির মোড়ল প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডেইলি স্টার-এর ব্যবস্থাপনা সম্পাদক সালেহউদ্দিন আহমেদ।