কমিউনিটি পুলিশ খোকন হত্যা মামলার আসামির আত্মসমর্পণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্থানীয় কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক কবির হোসেন খোকন হত্যা মামলায় মনির হোসেন (২৫) নামের এক আসামি গতকাল রোববার ফতুল্লা মডেল থানার পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। খোকন হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর স্ত্রী তাসলিমার দায়ের করা মামলায় নয়জন আসামির মধ্যে মনির দুই নম্বর আসামি। সদর উপজেলার ফতুল্লার কোতালেরবাগ এলাকার বাসিন্দা তিনি। তিনি পেশায় পোশাকশ্রমিক। মনিরের বড় ভাই আনোয়ার মুন্সী নিহত খোকনের বন্ধু ও একই ওয়ার্ডের কমিউনিটি পুলিশের সদস্য। এদিকে এ ঘটনায় গ্রেপ্তার হওয়া সালেহা বেগমকে গতকাল নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আশরাফুজ্জামান জিলানীর আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন জানানো হয়। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়নুল হক জানান, মনির জিজ্ঞাসাবাদে কবির হত্যাকাণ্ড সম্পর্কে বেশ কিছু তথ্য দিয়েছেন। উল্লেখ্য, গত শুক্রবার ফতুল্লার পৌষাপুকুরপাড় এলাকার পাকিস্তান খাদ নামের একটি পুকুর থেকে খোকনের লাশ উদ্ধার করা হয়।