পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, সামাজিক সমস্যা দূর করতে কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করতে হবে। তবেই আইনশৃঙ্খলা পরিস্থিতি সহনীয় পর্যায়ে থাকবে। গত রোববার দুপুরে কুমিল্লা পুলিশ লাইনস মাঠে কমিউনিটি পুলিশদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, সন্ত্রাস ও মাদক নিয়ন্ত্রণে পুলিশ পুরোপুরি সক্ষম হতে পারেনি। শুধু পুলিশ দিয়ে এই ব্যাধি দূর করা সম্ভব নয়। এ জন্য সামাজিক আন্দোলনের বিকল্প নেই। তিনি বলেন, ‘জঙ্গি তৎপরতা রোধে বাড়িওয়ালা ও ভাড়াটেদের তথ্য পুলিশের কাছে দিতে হবে। এগুলো যাচাই-বাছাই করা হবে। বিশেষ করে যাঁরা ব্যাচেলর এবং যাঁরা মেসে থাকেন, তাঁদের ঠিকানা পেলে আমরা তদারকি করব। একশ্রেণির লোক এটার বিরোধিতা করলেন। কেউ কেউ হাইকোর্টে গিয়ে রিট করলেন যে পুলিশ এটা পারে না। পুলিশ যদি এটা না পারে, তা হলে পুলিশ থেকে তো লাভ নেই।’
এর আগে বেলা সাড়ে ১১টায় কুমিল্লা পুলিশ লাইনস ফটকের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে সমাবেশের উদ্বোধন করেন আইজিপি এ কে এম শহীদুল হক। সমাবেশে কুমিল্লার ১৭টি থানার পাঁচ সহস্রাধিক সদস্য অংশ নেন।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন। বক্তব্য দেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শফিকুল ইসলাম, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আমীর আলী চৌধুরী, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা ফেরদৌস মজুমদার, কুমিল্লা জেলা পরিবহন সমিতির সভাপতি তাজুল ইসলাম প্রমুখ।