'জনগণের বন্ধু পুলিশ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড় জেলা কমিউনিটি পুলিশিং সমাবেশ গতকাল পঞ্চগড় সিরাজুল ইসলাম স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় l ছবি: প্রথম আলো
পঞ্চগড় জেলা কমিউনিটি পুলিশিং সমাবেশ গতকাল পঞ্চগড় সিরাজুল ইসলাম স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় l ছবি: প্রথম আলো

পঞ্চগড়ের সিরাজুল ইসলাম স্টেডিয়ামে গতকাল সোমবার পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় পুলিশের রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) খন্দকার গোলাম ফারুক বলেন, পুলিশ জনগণের বন্ধু, জনগণের প্রভু নয়। জনগণই পুলিশের প্রভু।
জেলা পুলিশের ক্রাইম কন্ট্রোল মডেল (সিসিএম) এ সমাবেশের আয়োজন করে। এবারের সমাবেশের স্লোগান ছিল ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’। জেলার কমিউনিটি পুলিশিং কমিটির প্রায় সাত হাজার সদস্য সমাবেশে যোগ দেন।
পুলিশ সুপার (এসপি) মো. গিয়াসউদ্দিন আহমেদ এতে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্যে পুলিশ সুপার জঙ্গিবাদ, সন্ত্রাস, নাশকতা প্রতিরোধে কমিউনিটি পুলিশিংকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে তিনি কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যদের সহযোগিতা কামনা করেন।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত সাংসদ সেলিনা জাহান, জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডল, জেলা পরিষদের প্রশাসক আবু বকর ছিদ্দিক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত। আরও উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র তৌহিদুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মির্জা আবুল কালাম, জেলা পুলিশিং কমিটির সভাপতি কিমওয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ।