কমিউনিটি পুলিশের কাজ নিয়ে সমাবেশে বিভিন্ন অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে কমিউনিটি পুলিশের কার্যক্রম নিয়ে একটি সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গতকাল শনিবার দুপুরে আয়োজিত এ সমাবেশে জেলা ও উপজেলা থেকে আসা বক্তারা বিভিন্ন দাবি ও অভিযোগ তুলে ধরেন।পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, এ দেশে বিচার কেনা যায়। তত্ত্বাবধায়ক সরকারের সময় যাঁরা গ্রেপ্তার হয়েছিলেন, তাঁদের কেউ এখন কারাগারে নেই। বাংলাদেশে টাকাওয়ালা মানুষের মামলার জামিন দ্রুত হয়। কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে ভিন্ন চিত্র। তাই গরিবের বন্ধু হিসেবে কাজ করতে কমিউনিটি পুলিশ গঠিত হয়েছে।পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশে ডিআইজি আরও বলেন, থানা থেকে বিতর্কিত (দালাল) লোকদের সরান। থানায় কোনো ভদ্রলোক যান না। আর অভিযোগ পেলেই মামলা না নিয়ে প্রথমে কমিউনিটি পুলিশের সাহায্যে ওই এলাকার সংশ্লিষ্ট ব্যক্তিদের মাধ্যমে বিষয়টি সুরাহার চেষ্টা করুন। সমাবেশে আরও বক্তব্য দেন সদর আসনের সাংসদ মতিউর রহমান, জেলা প্রশাসক লোকমান হোসেন মিয়া, সদর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আসিফ হোসেন, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক সাদিক হোসেন, উপদেষ্টা এহতেশামুল আলম ও শহর শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরুজ্জামান খোকন। এ ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন বিভিন্ন উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকেরা। এ সময় তাঁরা কমিউনিটি পুলিশের দায়িত্ব পালনে বিভিন্ন সমস্যা তুলে ধরেন।জেলা কমিউনিটি পুলিশের উপদেষ্টা এহতেশামুল আলম বলেন, বাইরে থেকে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো মনে হলেও মাদকে ছেয়ে গেছে পুরো সমাজ। জেলা প্রশাসক লোকমান হোসেন মিয়া বলেন, কিছু কিছু স্থানে মাদক পাওয়া গেলেও এখন আর রাস্তায় মাদক বিক্রি হয় না। গত একবছরে ১২৩ জন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।সাংসদ মতিউর রহমান বলেন, ময়মনসিংহ হচ্ছে কমিউনিটি পুলিশিং ধারণার জনক। অন্য অনেক জেলার চেয়ে ময়মনসিংহের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো।