দেশের প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা প্রশাসনের কাছে তুলে ধরতে পারলে, তা সমাধানেরও উপায় বের হবে। এসব সমস্যা তুলে ধরতে কমিউনিটি কার্যকর ভূমিকা রাখতে পারে। সরকারি-বেসরকারি পর্যায়ে চলমান সেবা কার্যক্রমগুলো সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতেও কমিউনিটি রেডিও ভূমিকা রাখবে। কমিউনিটি রেডিও হবে সুবিধাবঞ্চিত মানুষের কণ্ঠস্বর। গতকাল বুধবার কমিউনিটি রেডিওবিষয়ক চট্টগ্রাম বিভাগীয় সংলাপে বক্তারা এসব কথা বলেন। চট্টগ্রামের একটি হোটেলে আয়োজিত সংলাপের আয়োজন করে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)। বিএনএনআরসির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রফিকুল আলমের সভাপতিত্বে সংলাপে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ, অতিরিক্ত জেলা প্রশাসক শামসুল আলম চৌধুরী, কমিউনিটি রুরাল রেডিও প্রকল্প পরিচালক জাহাঙ্গীর আলম, বিএনএনআরসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম বজলুর রহমান, কৃষি মন্ত্রণালয়ের কৃষি তথ্য সার্ভিস পরিচালক মো. নজরুল ইসলাম, বাঁশখালী উপজেলা চেয়ারম্যান আলমগীর কবীর চৌধুরী, সীতাকুণ্ডের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার চৌধুরী, ইপসার প্রধান নির্বাহী আরিফুর রহমান। সংলাপের সঞ্চালক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সহিদ উল্যাহ। সংলাপে জানানো হয়, সরকারের অনুমতিপত্র দেওয়ার শর্ত অনুযায়ী চলতি বছরের এপ্রিলের মধ্যেই কমিউনিটি রেডিওর কার্যক্রম শুরুর বাধ্যবাধকতা রয়েছে।